নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া সীমানায় লোহাগাড়ার ঠাকুরদীঘি এলাকায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টায় এ দূর্ঘটনা ঘটেছে।
আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে প্রেরণ করে চিকিৎসার জন্য।
সৌদিয়া পরিবহণের ১টি যাত্রীবাহী বাস ও পূরবী পরিবহণের অপর ১টি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহত ৮ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। এর মধ্যে আব্দুর রহিম (৩০), সিয়াম হোসেন (২৩), মোহাম্মদ হোসেন (৪০) ও পূরবী বাস চালক হাসান (৪৪)কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
আহত অপর ৪জন হলেন- নাঈম (৩২), টিটু (২৯), কুলসুমা (৪২) ও আব্বাস (৪২)। আহত অন্যদেরকে লোহাগাড়া ও কেরানীহাট এলাকার বিভিন্ন বেসরকারী হাসপাতালে প্রেরণের সংবাদ পাওয়া গেছে। দূর্ঘটনাকবলিত বাস দু’টির সম্মুখভাগে ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বাস দু’টি দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা যায়।




