নিজস্ব প্রতিবেদক: নগর এলাকার প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থাকে ধ্বংস করে কৃত্রিম ড্রেনেজ ব্যবস্থার উপর নির্ভরশীল করে ফেলবার কারণে বাংলাদেশের মহানগর, জেলা ও পৌর এলাকার নগরসমূহে জলাবদ্ধতা বেড়েই চলেছে। কৃত্রিম ড্রেনেজ ব্যবস্থা ব্যয়বহুল হওয়া সত্বেও এ ধরনের প্রকল্পে আর্থিক সংশ্লেষ ও অর্থনৈতিক লাভের সুযোগ থাকাতে এ ধরনের ব্যয়বহুল প্রকল্পের প্রতি বিভিন্ন নগর সংস্থার অতি আগ্রহ লক্ষ্য করা যায়। আজ শনিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় অনলাইনে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত আইপিডি বাংলাদেশ সংলাপ এ, যার মূল প্রতিপাদ্য ছিল, “নগরে-নগরে জলাবদ্ধতা: সাম্প্রতিক চট্টগ্রাম, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন শহরের জলাবদ্ধতা প্রসঙ্গ” ভার্চুয়াল আলোচনা সভায় এ কথাগুলো বলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক জলাধারগুলো নগরায়নের চাপে এবং নগর সংস্থাসমূহের উদাসীনতায় ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে শহরের বৃষ্টির পানি ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। বাংলাদেশের নগর এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের জন্য ড্রেনেজ পরিকল্পনার অবকাঠামোগত ও প্রকৌশলগত সমাধানের পাশাপাশি পরিকল্পনাগত ও ব্যবস্থাপনাগত সমাধানের কার্যকর ও টেকসই সমন্বয় নিশ্চিত করতে হবে।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনায় আইপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, চট্টগ্রাম-সিলেট-বান্দরবান এর মত পাহাড়ি নগর এলাকার প্রাকৃতিক খাল-ছড়া প্রভৃতির নির্বিচার ধ্বংস এবং প্রাকৃতিক ভূমিরূপকে আমলে না নিয়ে নগর উন্নয়ন ও ভৌত কর্মকাণ্ড করবার ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগতে হচ্ছে নগরবাসীকে। জলাধার ও খাল ভরাটে বিভিন্ন স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠীর যেমন দায় আছে, সরকারি সংস্থাসমূহও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করছে। ড্রেনেজ সংশ্লিষ্ট প্রকল্পগুলোর যথাযথ সময়ে বাস্তবায়ন না করে প্রকল্প ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা রয়েছে। নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত নগর সংস্থাসমূহের মধ্যে আন্তঃসমন্বয়ের অভাব এবং সমন্বয়হীন বিভিন্ন ড্রেনেজ প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নে জলাবদ্ধতার প্রকোপ বাড়ছে। খাল ও ড্রেনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, এ ধরণের রক্ষণাবেক্ষনে এলাকাবাসীর সম্পৃক্ততা নেই। বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি এবং প্লাষ্টিক-পলিথিন এর মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে ড্রেনেজ সিস্টেম এর কার্যকারিতা বহুলাংশে হ্রাসও জলাবদ্ধতার কারণ।
আইপিডির পক্ষ থেকে আরো বলা হয়, নগর পরিকল্পনার মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়ে নগর উন্নয়ন হচ্ছে। নগর এলাকায় ১০-১৫ ভাগ জলাশয়-জলাধার; ২৫ ভাগ সবুজ এলাকা সংরক্ষণের মৌলিক বাধ্যবাধকতা উপেক্ষা করেই নগর উন্নয়ন ও সম্প্রসারণ জলাবদ্ধতার মূল কারণ। এমনকি নগর এলাকার সম্প্রসারণের সময় জলাধার এলাকা ও বন্যা প্রবাহ এলাকার ভরাট ও নগরায়নের কারণে বৃষ্টি পানি নেমে যাবার জায়গাগুলোর সংকোচনে নগরে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে, উপেক্ষিত হচ্ছে মহাপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন। পরিবেশ, জলাধার সংরক্ষণ, ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন সংশ্লিষ্ট আইনগুলোর কার্যকর প্রয়োগের অভাব রয়েছে। খাল-জলাধার-নদী দখলদারদের প্রভাব-প্রতিপত্তির কাছে আইনের শাসনের অকার্যকার হয়ে পড়েছে।
সংলাপে আইপিডি’র উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, ১৯৯৫ সালে ড্রেনেজ মাস্টার প্ল্যান হবার পরেও গত দুই দশকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূরীকরণে চট্টগ্রামের নগর সেবা সংস্থাসমুহের নির্লিপ্ততা একেবারেই অমার্জনীয়। জলাবদ্ধতা দূরীকরণে সরকারি সংস্থাসমুহের বর্তমান আগ্রহ কেবল ব্যয়বহুল প্রকল্প আনবার প্রতিযোগিতা। পাশাপাশি আমাদের নাগরিকদের ও বর্জ্য ফেলবার ব্যাপারে দায়িত্ববোধের অভাব রয়েছে। তদুপরি বর্জ্য ব্যবস্থাপনা টেকসই করবার সাথে সাথে জনগণকে সম্পৃক্ত করতে সরকারের যথাযথ ভূমিকা পালন করা দরকার। আগামী দিনের জলবায়ু পরিবর্তনের অভিঘাত চিন্তা করেই ভূমি ব্যবহার এর সাথে সমন্বয় করে ড্রেনেজ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা দরকার।
আইপিডি পরিচালক পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নগর এলাকার ভূমির বৈশিষ্ট্য ও বন্ধুরতা আমলে না নিয়েই নগর উন্নয়ন করবার কারণেই বাংলাদেশের শহর এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। ময়মনসিংহ শহরের দূর্যোগ সহনশীল মহা পরিকল্পনা প্রণয়ন করা হলেও জলাবদ্ধতা দূরীকরণে এই পরিকল্পনাকে কাজে না লাগিয়ে খেয়ালখুশিমত নালা-নর্দমা নির্মাণ করা হচ্ছে, ফলে জলাবদ্ধতা কমছে না। শহর এলাকার জনঘনত্ব ও ডিজাইন পপুলেশন ঠিক না করতে পারবার কারণে পরিবেশ ধ্বংস হবার পাশাপাশি ড্রেনেজ পরিকল্পনা অকার্যকর হয়ে পড়ছে।
নগর পরিকল্পনাবিদ হিশামউদ্দিন চিশতি বলেন, জলাবদ্ধতা নিরসনে অর্থের পরিমাণ কম লাগে বিধায় প্রকৃতিভিত্তিক সমাধানে নগর সংস্থাসমুহের তেমন একটা আগ্রহ নেই। বাংলাদেশের সকল এলাকায় ডাচ ওয়াটার ম্যানেজমেন্ট কাজে আসবে না, বরং বিভিন্ন এলাকার স্বাতন্ত্র্য ভূমি বৈশিষ্ট্য মাথায় রেখেই ড্রেনেজ পরিকল্পনা করা উচিত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা বলেন, নগর এলাকায় কনক্রিট আচ্ছাদন বাড়িয়ে পানি প্রবেশের পথ রুদ্ধ করবার পরিণামে আমাদের জলাবদ্ধতার প্রকোপ বাড়ছে। বায়ো-রিটেনশন জলাধার তৈরি করবার উদ্যোগ নিতে পারলে শহরের পানি ধারণক্ষমতা বাড়ানো সম্ভব।
চট্টগ্রাম বিআইপি চ্যাপ্টার এর সাবেক সাধারণ সম্পাদক এটিএম শাহজাহান বলেন, নগর এলাকায় অনেক ড্রেন তৈরি করা হয়, যার সাথে ড্রেনেজ নেটওয়ার্ক এর কোন সংযোগ নেই। ফলে এই ধরনের অবকাঠামোতে বিনিয়োগ কেবলই রাষ্ট্রের অর্থের অপচয়। রংপুর শহরের শ্যামাসুন্দর খালকে সবার চোখের সামনেই নির্বিচারে মেরে ফেলা হয়েছে; এখন আবার সেটাকে পুনর্জীবন ঘটাতে রাষ্ট্রের অর্থব্যয় করে প্রকল্প নেয়া লাগছে। দেশের অধিকাংশ খাল-জলাশয়-জলাধার এর এই করুণ পরিণতিতেই নগর এলাকার জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে।
চুয়েটের সহকারী অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ মো. শাহজালাল মিশুক বলেন এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক যে আমাদের নগরের সেবাদানকারী সংস্থাসমূহ এখন প্রকল্পকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তরিত হচ্ছে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূরীকরণের প্রকল্প প্রধানত প্রকৌশল সমাধান কেন্দ্রিক হওয়াতে পরিকল্পনা ও ব্যবস্থাপনা এখানে যথাযথ গুরুত্ব পাচ্ছে না, ফলে কার্যকর সমাধান ও হচ্ছে না। এমনকি জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পসমূহে পরিকল্পনাবিদদের যথাযথ অংশগ্রহণ নেই, চট্টগ্রামের মত জটিল ও বড় শহরে এভাবে নগর উন্নয়ন করলে জলাবদ্ধতার সমাধান হবে না।
নগর গবেষক ফাহিম আহম্মেদ বলেন, জলাবদ্ধতা পরিদর্শন অনেক নেতার জন্য রাজনৈতিক প্রচারণার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু প্রকৃত সমাধানে রাজনৈতিক সদিচ্ছার প্রচন্ড অভাব রয়েছে। উন্নয়ন গবেষক রেদওয়ানুর রহমান বলেন, জলাধার ও পরিবেশ সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগের অভাব নগরের জলাবদ্ধতা সমস্যার পেছনে বহুলাংশে দায়ী।
নগর এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে আইপিডির পক্ষে থেকে যেসব প্রস্তাবনা দেয়া হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হল:
প্রাকৃতিক পানি নিষ্কাশনব্যবস্থাকে প্রাধান্য নিয়ে ড্রেনেজ পরিকল্পনা তৈরি করা এবং খাল-জলাশয়-জলাধারসমূহকে রক্ষা করবার পাশাপাশি ব্লু নেটওয়ার্ক এর আন্তঃ সংযোগ বৃদ্ধি করা কৃত্রিম ড্রেনেজ অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন সম্পন্ন করা এবং পানি নিষ্কাশনের বিভিন্ন অবকাঠামো যেমন পাম্প, রেগুলেটর প্রভৃতির কার্যকর ব্যবহার, তদারকি ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রাকৃতিক পানি নিষ্কাশনব্যবস্থা এবং কৃত্রিম ড্রেনেজ অবকাঠামোর মধ্যে প্রয়োজনীয় ভারসাম্য ও সমন্বয় নিশ্চিত করা নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত নগর সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয়ের উদ্যোগ এবং বিভিন্ন ড্রেনেজ প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নে সিটি কর্পোরেশন / পৌরসভার সাথে প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন
কঠিন বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা এবং একবার ব্যবহারযোগ্য প্লাষ্টিক ও পলিথিন এর ব্যবহার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া খাল-জলাধার, বক্স-কার্লভাটসহ আচ্ছাদিত ড্রেনসমূহ এবং এলাকাভিত্তিক সাধারণ নালা-নর্দমা গুলোর নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং এক্ষেত্রে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা নিশ্চিত করা
খাল ও ড্রেনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকে সম্পৃক্ততা নিশ্চিত করা এবং খাল-নর্দমায় বর্জ্য ফেলাকে নিরুৎসাহিত করতে সামাজিক ও আইনি উদ্যোগ গ্রহণ।
ড্রেনেজ পরিকল্পনায় স্থানীয় জনগণের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে আমলে নিয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
নগর এলাকায় ১০-১৫ ভাগ জলাশয়-জলাধার; ২৫ ভাগ সবুজ এলাকা সংরক্ষণের মৌলিক ভারসাম্য ফিরিয়ে আনবার লক্ষ্যকে সামনে রেখে নগর উন্নয়ন ও সম্প্রসারণ।
নগর এলাকার ভার বহন ক্ষমতা বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক জনসংখ্যা ও জনঘনত্ব নিরূপণ করে নগর পরিকল্পনা ও ড্রেনেজ সিস্টেম পরিকল্পনা প্রণয়ন করা নগর এলাকায় সড়ক সংস্কারের কারণে সড়কসমূহ আশপাশের ভবনের তুলনায় যেন উঁচু না হয়ে পড়ে, সেটা নিশ্চিত করতে হবে।
পরিবেশ, জলাধার সংরক্ষণ, ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন সংশ্লিষ্ট আইনগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা এবং খাল-জলাধার-নদী দখলদারদের প্রতি আইনের শাসন ও কার্যকর শাস্তি নিশ্চিত করা নগর এলাকার পুকুর ও জলাধারসমূহ সংরক্ষণে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ। প্রয়োজনে ভূমি অধিগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন।
নগর এলাকার সম্প্রসারণের সময় জলাধার এলাকা ও বন্যা প্রবাহ এলাকার ভরাট যেন না হয় সে বিষয়ে যথাযথ মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি সেটার কার্যকর বাস্তবায়নের উদ্যোগ। এই উদ্যোগে সিটি করর্পোরেশন/পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা’র পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ এর আন্তরিক দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ অতিবৃষ্টিসহ অন্যান্য প্রভাব বিবেচনায় নিয়েই ড্রেনেজ পরিকল্পনা করতে হবে।
খাল-জলাশয়-নদীসমূহকে প্রাকৃতিক জীবন্ত সত্বা বিবেচনা করে এগুলো ভরাট, প্রবাহ বন্ধ করে দেয়া, সংকুচিত করে ফেলা ও আন্তঃ সংযোগ বন্ধ করে ফেলবার যে কোন উদ্যোগকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করতে হবে।
Post Views: 276




