দি ক্রাইম নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র ছিল। রাষ্ট্রের মৌলিক চেতনার পরিবর্তন ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যদি রাষ্ট্র ব্যবস্থাপনা পরিবর্তন করার চিন্তা থাকতো তাহলে শিশু রাসেলকে হত্যা করা হতো না। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের চক্রান্তকারী দেশীয় ও আন্তর্জাতিক দোসর এবং জিয়াউর রহমানসহ সুবিধাভেগীদের বিচার করা হয়নি।আজ শুক্রবার (১৮ আগস্ট)সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলানায়তনে ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনের প্রথম অংশে স্বাগত বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এসব কথা বলেন।
তিনি বলেন, আশা করা যায় ১৫ আগস্ট হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা হবে। এই কমিশন গঠন করার জন্য গণমাধ্যমকর্মীদের চাপ দিতে হবে। বঙ্গবন্ধু হত্যার দায় শোধ করতে হবে। অনেক আসামি এখন পলাতক। কয়েকজন যে সব দেশে রয়েছে তারা এখন মানবাধিকারের কথা বলে।
সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন ভোরের কাগজের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রুহুল আমিন খান।
ফুলবাড়িয়া প্রতিনিধি হাফিজুল ইসলাম স্বপনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ইমদাদুল হক সেলিম।
বক্তারা বলেন- ‘বাংলাদেশ প্রথম সারির কয়েকটি পত্রিকার মধ্যে একটি ভোরের কাগজ। একসময় বাংলাদেশে মিডিয়ার জন্য অনুকূল পরিবেশ ছিলো না। তখন ভোরের কাগজ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছে। ভোরের কাগজ প্রান্তিক অঞ্চলের মানুষের কথা তুলে ধরে। আর ভোরের কাগজে কখনো ফরমায়েশি নিউজ ছাপা হয় না।’
সম্মেলনের দ্বিতীয় অংশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভোরের কাগজের বিজ্ঞাপন ব্যবস্থাপক এস এম এ রাজ্জাক। এছাড়াও সম্মেলনে ভোরের কাগজের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা ও অর্থ ব্যবস্থাপক মো. আব্দুল করিম সোহাগ, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, আইটি ইনচার্জ মো. মেহেদী হাসান নিয়াজ, সার্কুলেশন ইনচার্জ মো. তছলিম চৌধুরী, মফস্বল ইনচার্জ মাকসুদুল বারী টিপু উপস্থিত থেকে প্রতিনিধিদের সংবাদ, বিজ্ঞাপন, সার্কুলেশন ও অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বেলা ১টার দিকে ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সমাপনী বক্তব্য দিয়ে সম্মেলন সমাপ্ত করেন। সম্মেলনে ময়মনসিংহ বিভাগের ৪ জেলা ও ৩৫ উপজেলা প্রতিনিধি অংশগ্রহণ করেন।




