মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় খালের পানিতে ভেসে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ফেরাসিঙ্গা পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে একই খালের পানিতে তিন শিশুর ভাসমান অবস্থায় মরদেহ পাওয়া যায়।
এলাকাবাসীরা জানান, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া গ্রামের নুরুল আলম এর দুই সন্তান তাহিদা বেগম (১০) ও আমির হোসাইন (০৫) নুরুল আলমের বোন জাহেরা বেগমের কন্যা শিশু হুমাইরা বেগম (০৮) গতকাল বুধবার বিকালের দিকে পাশ্ববর্তী বিলে মাছ ধরতে যায়। একই দিন সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালী নামক খালের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে অনেক খোঁজার পরও তাদের পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই খালের পানিতে তাদেও মরদেহ ভেসে ওঠে। পরে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন
শিশু আমির হোসাইন ও তাহিদা বেগমের মা রহিমা বেগম জানান, বুধবার ফুফাতো বোন হুমায়রাসহ পাশের বিলের চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে ফিরে আসেনি। পরদিন বৃহস্পতিবার সকালে হুমায়রার লাশ খালের পানিতে ভাসতে দেখে প্রথামে থাকে উদ্ধার করতে গিয়ে একই স্থানে আমার ছেলে-মেয়েকে পনির নিচে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত হুমাইরার মা জাহেরা বেগম জানান, বুধবার বিকেলের দিকে মাছ ধরার বাহনা করে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে হুমায়রা নিখোঁজ ছিল। পরে খবর পাই আমির হোসাইন ও তাহিদা বেগমও নিখোঁজ হয়।
স্থানীয় ইউপি সদস্য মো: শরীয়ত উল্লাহ জানান, বুধবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশের বিলের চিংড়ি ঘেরে মাছ ধরতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। সন্ধ্যার পর থেকে রাত ৩টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে সকালে তাদেও মরদেহ পাওয়া যায়।
পেকুয়া উপজেলার উজানটিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, তিন শিশুর মরদেহ খালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রশাসনকে অবহিত করে তিন শিশুর মরদেহ দাফন করা হয়েছে।



