ফেনী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: ফেনী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে “কম্পিটিটিভ প্রোগ্রামিং, সাকসেস স্টোরি এবং সিএস ক্যারিয়ারস” এর উপর সেমিনার অনুষ্ঠিত হয়। ফেনী ইউনিভার্সিটির সিএসসি এসোসিয়েশন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল দশটায় এই সেমিনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. জামালউদ্দীন আহমদ।
কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান বুশরাত জাহান।
কি নোট স্পিকারের বক্তব্যে অধ্যাপক কায়কোবাদ শিক্ষার্থীদের বেশি বেশি প্রোগ্রামিং করার পরামর্শ দেন।
তিনি বলেন, কেউ কম্পিউটারে যথাযথ দক্ষতা অর্জন করতে পারলে ভবিষ্যতে চাকরির কোনো অভাব হবে না। সবাইকে তিনি মস্তিষ্কের অনুশীলনের আহ্বান জানান। মস্তিষ্কের অনুশীলন করবার জন্য তিনি ‘প্রবলেম সোলভিং’ এর উপর জোর দেন।
তিনি আরও বলেন, ‘প্রবলেম সোলভিং’ আমাদের নির্মল আনন্দ দেয় এবং আত্ন বিশ্বাস বাড়ায়। এছাড়া, তিনি বিশ্ববিখ্যাত মনীষীদের জীবনের ‘সাকসেস স্টোরি’ তুলে ধরেন। তাদের সাফল্য গাঁথা গল্পের বিভিন্ন শিক্ষনীয় বিষয় তুলে ধরেন। তিনি সবাইকে দেশ প্রেমী হতে অনুপ্রাণিত করেন। দেশকে সমৃদ্ধ করতে সবাইকে যথাযথ ভূমিকা পালন করতে আহ্বান জানান। বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রোগ্রামিং সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরদাতাদের তৎক্ষণাত পুরস্কৃত করেন। শিক্ষার্থীদের এমন চমৎকার নৈপুণ্যের তিনি ভূয়সী প্রশংসা করেন। তার বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে উত্তাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক জামালউদ্দীন আহমদ বলেন, দেশ তোমাকে কি দিলো সেটা বড় কথা নয়। তুমি দেশকে কি দিয়েছো সেটাই বড় কথা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মেধার বিকাশ অধ্যবসায় এর মাধ্যমে বের করে আনতে হবে। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, সহযোগী অধ্যাপক এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন মোহাম্মদ আবুল কাশেম, সহকারী অধ্যাপক এবং প্রক্টর মো: আয়াতুল্লাহ, সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ আল ইউনুস, বিভাগীয় প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।




