গার্মেন্টস শিল্পে কর্মরত সব স্তরের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর বিজয়নগরের ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় অবস্থিত শ্রম অধিদপ্তরে ওইদিন বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী এই সভার আহ্বান করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করবেন।
বোর্ডের জারি করা নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল করার কথা রয়েছে। একই সঙ্গে, শিল্পখাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।




