নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের মইজ্যার টেক এলাকায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়। হঠাৎ চট্টগ্রামের বিএনপির উক্ত সভা মঞ্চ ভেঙে পড়েছে।
বুধবার (১২ জানুয়ারি) বেলা সোয়া একটার দিকে নগরের কর্ণফুলী থানার সিডিএ আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে। আহতদের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এ সমাবেশ আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। তিনি বক্তব্য দেওয়া বন্ধ রাখেননি।
বক্তব্যের একপর্যায়ে আমীর খসরু বলেন, দক্ষিণ জেলার আজকের সমাবেশ বাঁধ ভেঙেছে সরকার পতন আন্দোলনের। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না। এত লোকের সমাবেশ মঞ্চ তো ভাঙবেই। আন্দোলন বন্ধ হবে না, চলতে থাকবে। ১৪৪ ধারার দিন শেষ হয়ে গেছে। দফায় দফায় অনুমতি নিয়ে জনসভার দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।



