আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় পুকুরে বালি ভরাটকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ডের ঘটনা ঘটেছে। অবশেষে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হস্তক্ষেপে পুকুরে বালি ভরাট বন্ধ রয়েছে। ফলে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। এলাকায় জনতা আনন্দে উল্লাস করেছে। স্থানীয় আনোয়ারা হাইলধর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: নুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আনোয়ারা উপজেলার মালঘর বাজারের উত্তর পাশ্বে শাহী মসজিদের রাস্তার পূর্বদিকে একটি পুকুর রয়েছে।
পুকুরটি অনেকদিন আগের, পুকুরটি জায়গার পরিমাণ ১ শ ২২ শতক। পুকুরটি গোলায় পুকুর হিসেবে পরিচিত। শরিকদের মধ্যে অংশ নামায় ভাগ না করে স্থানীয় জাকের হোসেন গং জোরপূর্বক পুকুরে বালি ভরাট করছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। দু’পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ ঘটনাটি সুরাহা দিতে ব্যর্থ হলে ক্ষতিগ্রস্তরা ভূমি মন্ত্রীকে বিষয়টি অবগত করেন।
ভূমি মন্ত্রী বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন, এদিকে ভূমি মন্ত্রী বিদেশ গেলেই প্রতিপক্ষরা আবারও বালি ভরাটের কাজ শুরু করে। গত একুশে জুলাই ভূমি মন্ত্রী এলাকায় গেলে নির্দেশ অমান্য করে ইচ্ছামতো পুকুরে বালি ভরাট বিষয়টি স্থানীয়রা পুনরায় জানান।
ভূমিমন্ত্রী তাৎক্ষনিকভাবে বালি ভরাট কাজ বন্ধের নির্দেশ দেন। বর্তমানে পুকুরে বালি ভরাট কাজ বন্ধ রয়েছে। স্থানীয়রা আনন্দিত হয়ে উল্লাস করেন। ঘটনাটি এলাকায় প্রশংসিত।
পুকুরের অংশের মালিক মোরশেদা বেগম জানায় সালিশ চলাকালীন অবস্থায় জোরপূর্বক প্রতিপক্ষরা জায়গা দখল করে পুকুরে বালি ভরাট করছে। ভূমি মন্ত্রী বিদেশ থেকে আসলেই বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। আমরা ভূমিমন্ত্রী প্রতি কৃতজ্ঞ। ভূমিমন্ত্রী ঘটনাটি সুরাহা দেয়ার জন্য স্থানীয়দের দায়িত্ব দিয়েছে। ফোন করেও প্রতিপক্ষ জাকের হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।



