চকরিয়া অফিস : চকরিয়া উপজেলার বরইতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা শাহিন মুরাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। সভাপতির দাবীকৃত চাঁদা না দেয়ার কারণে বিধিবহির্ভূতভাবে স্কুলের প্রধান শিক্ষককে উক্ত প্রতিষ্ঠান থেকে চাকুরী থেকে বরখাস্ত করেন। এ ঘটনায় সভাপতির বিরুদ্ধে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যাহার রিসিভ নং ৩৭৩৪। বর্তমানে তার অপকর্মের কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রধান শিক্ষক নুরুল আবছার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন মুরাদ তার কাছ থেকে একটি মোটা অংকের টাকা দাবী করে। উক্ত টাকা না দেয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে বেসরকারি চাকুরীর বিধিমালা লঙ্ঘন করে তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেন।
তিনি আরো জানান, বিদ্যালয়ের দায়িত্ব কালে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। যথাযথ নিয়ম মেনে ও ক্রয় কমিটির সঙ্গে শলাপরামর্শ করে স্কুলের উন্নয়ন করা হয়েছে। সুবিধা নিতে না পারার কারণে সভাপতি শাহিন মুরাদের যোগ সাজসে একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ এনে বেসরকারী শিক্ষক চাকরিবিধি না মেনে সভাপতি তাকে বরখাস্ত করে। এবিষয়ে শিক্ষা বোর্ডে একাধিকবার বৈঠক হলেও পরিচালনা কমিটির লোকজন আমার বিরুদ্ধে যথাযথ কোন অভিযোগ দাখিল করতে পারেনি। তাকে নানাভাবে হয়রানি করছে শাহিন মুরাদ। এমনকি মিথ্যা অভিযোগ এনে চকরিয়া উপজেলা জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেন শাহীন মুরাদ।
প্রধান শিক্ষক আরও বলেন, ‘গত ১০ মাস ধরে বেতন উত্তোলন করতে না পারায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। গত ১৯ জুলাই মহাসচিব শিক্ষা অধিদপ্তর ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভাপতি শাহিন মুরাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিভাবকরা জানান, বিদ্যালয় পরিচালনা কমিটিতে একজন চাঁদাবাজ, অযোগ্য ব্যক্তিকে সভাপতি করার কারণে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। কারণে অকারণে শিক্ষকদের উপর মানষিকভাবে নির্যাতন করে যাচ্ছে। শাহিন মুরাদকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে প্রতিষ্ঠানকে বাঁচানোর দাবী জানিয়েছেন, প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবক মহল।




