আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় ইসলামী ফ্রন্ট দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। উপজেলা কাউন্সিল ও কমিটি গঠন কে কেন্দ্র করে এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। নেতাদের বিরোধ তুঙ্গে। তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি হতে পারে বলে পর্য়বেক্ষণ মহল ধারণা করছে।
স্থানীয় নেতারা এবং কেন্দ্রীয় ও জেলা নেতাদের হস্তক্ষেপে বিরোধ নিস্পত্তির অপেক্ষায় রয়েছে।
সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলায় ইসলামী ফ্রন্টের নেতাদের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। সম্প্রতি ইসলামী ফ্রন্টের উপজেলা কাউন্সিল ও কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধ তুঙ্গে। দু’ পক্ষই কাউন্সিল ও কমিটির গঠন নিয়ে মুখোমুখি । এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত ১৫ ও ১৮ জুলাই ইসলামী ফ্রন্টের আনোয়ারা পশ্চিম ও পূর্বের দুটি কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা পশ্চিমের সভাপতি হলেন হাফেজ মাওলানা নুরুল আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তৈয়্যবী। পূর্ব আনোয়ারার সভাপতি মাস্টার মোহাম্মদ এয়াকুব, সাধারণ সম্পাদক মাওলানা আহমেদ নূর। ৩১ সদস্য বিশিষ্ট পৃথক দু’টি কমিটি গঠন করা হয়।
অপরদিকে অপরপক্ষ কাল শুক্রবার তিনটায় আনোয়ারা উপজেলা সদরে এডভোকেট আব্দুল জলিল মিলনায়তনে কাউন্সিল ও কমিটি গঠনের আয়োজন করেছে।
এ ব্যাপারে মাওলানা শাহ জাহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দি ক্রাইমকে বলেন, নিয়ম অনুযায়ী ইসলামী ফ্রন্টের কাউন্সিল ও কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফেরদৌস আলম আল কাদেরী দি ক্রাইমকে বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত কমিটিকে বৈধতা দেয়া হবে। যে কেউ কমিটি গঠন করলে বৈধতা দেয়া হবে না। সংগঠনে বিশৃঙ্খলতা করার সুযোগ কাউকে দেয়া হবে না। ঢাকায় কেন্দ্রীয় সম্মেলন শেষে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালানো হবে।
চট্রগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম দি ক্রাইমকে বলেন, সংগঠনের নিয়ম মোতাবেক কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধির উপস্থিতিতে উপজেলায় পশ্চিম ও পূর্বের কাউন্সিল ও কমিটি গঠিত হয়েছে।




