সেলিম উদ্দীন: সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুহুর্তেই প্রাণ ঝরে গেল এক স্কুল শিক্ষকের। আজ বৃহস্পতিবার ১৫ জুন (১৫ জুন) বিকাল সাড়ে ৪টায় মহেশখালীর কালারমারছড়ার উত্তর নলবিলার চালিয়াতলীর চিতাকুলায় বদরখালী থেকে মহেশখালীগামী সিএনজি ও মহেশখালী থেকে বদরখালীগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই প্রাণ যায় স্কুল শিক্ষকের।
এ ছাড়াও ৪ জন মারাত্মকভাবে আহত হয়। তারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত স্কুল শিক্ষক লিটন পাল (৪০) মহেশখালী পৌরসভার পাল পাড়ার অমল পালের পূত্র। সে চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
আহতেরা হলেন, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত(৩৪) কুুতুবজুম এলাকার আয়ুব (৫০),পৌরসভার জালাল (৫৫) ও মোরশেদ (২০)। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুর হক।
আহত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত জানান, দ্রুতগামী মাইক্রোবাসটি আমাদের গাড়ির উপর চাপিয়ে দিয়েছে। এতে আমার মাথা ও পায়ে আঘাত পেয়েছি এবং আমার পাশে বসা একজন আমার কুলে মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও মারাত্মক বলে জানান তিনি।
কালারমার ছড়ার ইউপি সদস্য মোঃ ওসমান গণি জানান, উত্তর নলবিলার চিতাকুলায় সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। আরও ৪ জন আহত হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, কালারমার ছড়ার উত্তর নলবিলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে গেছে বলে জানান তিনি।




