সড়কে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও এসব মৃত্যুর দায়ভার কেউ নিচ্ছে না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। রোববার ‘বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস’ উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এই অভিযোগ করেন। নিরাপদ সড়ক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, সড়কে মৃত্যুকে কেবল দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই; বরং চালকের বেপরোয়া আচরণ, মাদকাসক্তি, যানবাহনের ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
২০১৯ সালে যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় নিহত শিক্ষার্থী আদনান তাসিনের বাবা আহসান উল্লাহ সভায় অংশ নিয়ে বলেন, তাঁর মেধাবী ছেলে আদনান সড়ক দুর্ঘটনায় নয়, বরং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সন্তান হারানোর পর তিনি বিচার তো পাননিই, উল্টো কারও কাছ থেকে ন্যূনতম সহানুভূতিও পাননি। আহসান উল্লাহর মতে, সড়ক দুর্ঘটনা কমাতে হলে চালকদের মধ্যে বিদ্যমান রেষারেষি ও প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সভার শুরুতে ২০১৮ সালের ২৯ জুলাই বিমানবন্দর সড়কে নিহত আবদুল করিম রাজীব ও দিয়া খানম মীমসহ বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মূল বক্তব্যে নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে জানান, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৩১ হাজার ৫৭৮ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া জাতীয় স্বাস্থ্য ও আঘাত জরিপ ২০২৩-২৪ অনুযায়ী, প্রতিবছর প্রায় ২৪ হাজার ২৩৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং ৩০ লাখের বেশি মানুষ আহত হন, যাদের মধ্যে ৩৮ হাজার ২৮ জন স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হয়েছেন।
দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের ত্রুটি, সড়কের নকশাগত সমস্যা ও আইন প্রয়োগের সীমাবদ্ধতাকে দায়ী করেন আবদুল্লাহ মেহেদি। ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেন, দুর্ঘটনার পর শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণা অনেক বেশি তীব্র হয়। পরিবারের উদ্বেগ ও চিকিৎসার অনিশ্চয়তা একজন ভুক্তভোগীকে মানসিকভাবে ভেঙে ফেলে। তিনি নিরাপদ সড়ক নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের আইন প্রণয়ন ও পথচারীদের জন্য নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
ভয়েস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর বলেন, আইন অমান্য করলে শাস্তির বিধান থাকলেও আইন প্রয়োগে ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহির কোনো ব্যবস্থা নেই। ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, সড়ক দুর্ঘটনার ইতিহাস ও সচেতনতা বাড়াতে তাঁরা একটি ‘নিরাপত্তা জাদুঘর’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। সভায় আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলনের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাইদ, ডিটিসিএর পরিচালক মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম।
সেখানে গত ১০০ বছরের সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ইতিহাস তুলে ধরা হবে।




