বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল তৌহিদুল আহমেদ বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। একই প্রজ্ঞাপনে বিদায়ী মহাপরিচালক সাজ্জাদ মাহমুদকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার আদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




