প্রতিষ্ঠার ৩৬ বছর অতিক্রান্ত হলেও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নাগরিক দুর্ভোগের চিত্র অপরিবর্তিত রয়েছে। সড়কের বেহালদশা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত জলাবদ্ধতায় পৌরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের এই দুর্দশা লাঘবে পৌর কর্তৃপক্ষ এবার ৪৫টি অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের একটি তালিকা প্রস্তুত করেছে।
পৌরসভার 'ডিটেইলস অব প্রায়োরিটি সাব-প্রজেক্ট' শীর্ষক নথিপত্র অনুযায়ী, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর এসব কাজের জন্য আবেদন করা হয়েছে। এই প্রকল্পগুলোর বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজ করবে এবং অর্থায়নের উৎস হিসেবে বিশ্বব্যাংকের নাম উল্লেখ রয়েছে। প্রথম পর্যায়ে সাতটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য ৪১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
প্রথম ধাপের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝিনাইদহ-যশোর সড়কের পাশের খাল পর্যন্ত রাস্তা, ড্রেন ও সড়কবাতি নির্মাণে ৩ কোটি ৩৫ লাখ টাকা; কলাহাট থেকে কালীবাড়ী হয়ে নলডাঙ্গা সড়কের মসজিদ পর্যন্ত উন্নয়নে ৫ কোটি ৮০ লাখ টাকা; আসাদ সাহেবের বাড়ি থেকে চিত্রা নদী পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণে ৬ কোটি ৫ লাখ টাকা এবং হেলাই থেকে দক্ষিণ পাইকপাড়া হয়ে চিত্রা নদী পর্যন্ত উন্নয়নে ৬ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া খাদ্যগুদাম মসজিদ থেকে বলিদাপাড়া খাল পর্যন্ত ড্রেন ও সুবল ড্রাইভারের বাড়ি থেকে চিত্রা নদী পর্যন্ত রাস্তা নির্মাণে ৩ কোটি ৫০ লাখ টাকা, নির্মলা বাসস্ট্যান্ড থেকে গোঁসাই বাড়ি হয়ে চিত্রা নদী পর্যন্ত সড়ক উন্নয়নে ১২ কোটি ২৫ লাখ টাকা এবং বলিদাপাড়া পূর্বপাড়া থেকে বড় রায়গ্রাম পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
শুধুমাত্র সড়ক ও ড্রেনেজ নয়, ৪৫টি প্রকল্পের এই তালিকায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে একটি সুপার মার্কেট ও কিচেন মার্কেট নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে পৌর এলাকায় বলিদাপাড়া সড়কের ১ হাজার ৮৫ মিটার এবং শ্রীরামপুর সড়কের ১ হাজার ২৯০ মিটার উন্নয়নকাজ চলমান। এছাড়া বাসস্ট্যান্ড থেকে বড়বাজার ও থানা সড়কসহ বেশ কয়েকটি সড়কের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলেও বর্ষার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।
এলজিইডির মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০০৯ সালে পৌর এলাকায় সড়কের দৈর্ঘ্য ছিল ১০৯ দশমিক ৭৯ কিলোমিটার, যা বর্তমানে ১২৯ দশমিক ৫ কিলোমিটারে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬৫ কিলোমিটার পাকা, ৩৫ কিলোমিটার কাঁচা, ২৫ কিলোমিটার আধাপাকা এবং সাড়ে চার কিলোমিটার সিসি বা আরসিসি সড়ক রয়েছে। কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাসান জানান, প্রথম পর্যায়ের সাতটি প্রকল্প বাস্তবায়িত হলে শহরের সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার দৃশ্যমান উন্নয়ন ঘটবে।




