রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেসের ওপর ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে। রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির তিনটি গাড়িতে হামলা চালানোর পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের মারধর করা হয়। হামলাকারীরা এ সময় হুমকি দিয়ে বলেন, ‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না, নইলে আবার হামলা করব।’ প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, এই ‘ভাই’ বলতে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনকে বোঝানো হয়েছে। রবিবার রাতে কুরিয়ারটির আরেকটি গুদামেও হামলা হয়, যেখানে প্রায় ৫০ জন হামলাকারী ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গ্রাহকের মালামালসহ মোটরসাইকেলে আগুন দেয়।
গত ২৬ দিনে এ জে আর কুরিয়ারের কার্যালয়, গুদাম ও গাড়িতে অন্তত ২০ বার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাও রয়েছেন। সর্বশেষ রবিবার দুপুরের ঘটনার পর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এর আগে গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগে একটি মামলা হয়। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, ওই ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হলেও কেউ জিজ্ঞাসাবাদে ইমনের নাম বলেননি। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা ইমনের হয়ে কাজ করেন। এ তালিকায় নাফিজ কামাল ওরফে সানি, আলিফ হোসেন লাবিব, স্বপন মুন্সী, মো. মুন্না, মাহিদুল ইসলাম, মো. মাসুম হোসেন, রজিন, আপন ওরফে হোন্ডা আপন, ডায়মন্ড ওরফে আল আমিন, বেনকিউ হৃদয়, ফোকলা হৃদয়, বোচা সুমন, ডন সাগর ও লাদেনসহ অনেকে রয়েছেন।
এ জে আর কুরিয়ারের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী জানান, বারবার হামলার কারণে কর্মী ও চালকরা চরম আতঙ্কে কাজ করছেন। গত ৫ নভেম্বর মোহাম্মদপুরে মালামালবোঝাই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ রানা ও স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবু রয়েছেন। গ্রেপ্তার অন্য সাতজন হলেন কামরুল হাসান আলমাস, মো. মমিন, নুরুজ্জামান, ইমরান মিয়া, সোহেল শেখ ওরফে হৃদয় ওরফে তাজ, ওবায়দুল্লাহ ওরফে শাহীন এবং আজহারুল ইসলাম জাকির। এখন পর্যন্ত এসব ঘটনায় সাতটি মামলা, ছয়টি সাধারণ ডায়েরি ও ছয়টি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ধারাবাহিক এই হামলার নেপথ্যে থাকা মূল নির্দেশদাতাদের শনাক্ত করতে পারেনি পুলিশ।




