বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে মাঠের রাজনীতিতে পুরোপুরি সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার জাতীয় সংসদে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ বৈঠকের পর দল ও অঙ্গসংগঠনগুলোকে মাসব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখতে এবং মাঠে সতর্ক অবস্থান ধরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বিএনপি নেতারা পরিষ্কার করেছেন যে, এই রাজনৈতিক তৎপরতা কোনো দলের প্রতি পাল্টা কর্মসূচি কিংবা অতীতে আওয়ামী লীগের মতো পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বাধা দেওয়ার অনুসৃতি হবে না। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নিজেদের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীনভাবে এসব কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করবে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন ও এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেন।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের অপতৎপরতা বেড়েছে। ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রেক্ষাপটে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে ঢাকা এবং সারা দেশে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। দলীয় কর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা এবং কোনো ধরনের নাশকতার তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোথাও যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও দলীয় পর্যায় থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আইনি কাঠামোর উল্লেখ করে বিএনপি নেতারা জানান, শেখ হাসিনার আইনি প্রক্রিয়ার বাইরে দেশে ফেরার কোনো সুযোগ নেই। ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী তিনি একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার দায়ে যেসব দণ্ড তার হয়েছে এবং বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতেই হবে।
বর্তমান প্রেক্ষাপটে দলের অগ্রাধিকার ব্যাখ্যা করে বিএনপি’র দু’জন সিনিয়র নেতা জানান, এখন বিএনপি’র প্রধান রাজনৈতিক দায়িত্ব হলো নির্বাচিত সরকারকে সহযোগিতা করা, রাষ্ট্র পরিচালনা সুষ্ঠু রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা। বিএনপি কোনো উস্কানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে চায় না, তবে যেকোনো নৈরাজ্য মোকাবিলায় মাঠে প্রস্তুত থাকবে। এ বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় নেতাকর্মীরা গণতান্ত্রিক ও সাংগঠনিক উপায়ে সজাগ ও সতর্ক থেকে প্রতিবাদ জানাচ্ছে, উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা সম্ভব হবে না। অন্যদিকে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে বলা হয়েছে; শেখ হাসিনা মুখ্য বিষয় নন, মূল কাজ হলো নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং শেখ হাসিনার বিষয়টি আইন মন্ত্রণালয় দেখবে।




