রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দু’টি গ্রেনেড উদ্ধারের ঘটনায় তীব্র নিরাপত্তাশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক)। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ যাত্রী ও বিমানবন্দর ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, পাশাপাশি প্রশ্নের মুখে পড়েছে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা। বেবিচক জানিয়েছে, দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১০ই নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের কাছে ফুল গাছের নিচে পড়ে থাকা দু’টি গ্রেনেড দেখতে পান এক পথচারী। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ফাঁড়ির টহলরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে গ্রেনেড দু’টি নিরাপদে নিষ্ক্রিয় করে। অন্যদিকে একই সপ্তাহে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানা পুলিশ জানায়, ককটেলগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে ফেলা হয়েছিল। পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপত্তা সংকট এমন এক সময়ে তৈরি হলো যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল আংশিক চালুর প্রস্তুতি চলছে। ২০২৩ সালের অক্টোবরে তৎকালীন সরকার টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেও এখনো বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি। আগামী ১৬ই ডিসেম্বর টার্মিনালটি আংশিক চালুর লক্ষ্য রয়েছে এবং পরিচালন ব্যবস্থার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তির বিষয়ে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চুক্তি সইয়ের পর যে ট্রায়াল রান প্রয়োজন, তার পর্যাপ্ত সময় এখন আর হাতে নেই। এর ওপর নিরাপত্তাজনিত উদ্বেগ বিদেশি পরিচালকদের চুক্তিতে আসা ও কার্যক্রম পরিচালনায় দ্বিধায় ফেলতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) সম্প্রতি বাংলাদেশে নিরাপত্তা অডিট শেষ করেছে। এই অডিটে ভালো রেটিং পাওয়ার প্রত্যাশা থাকলেও বিমানবন্দর এলাকা থেকে গ্রেনেড ও ককটেল উদ্ধারের খবর বহির্বিশ্বে নেতিবাচক বার্তা পাঠাতে পারে। এতে নিরাপত্তা রেটিং কমে গেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ঢাকায় তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর।
বিমানবন্দরের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিয়ে একাধিক এজেন্সির মধ্যে সমন্বয়হীনতার অভিযোগও উঠেছে। বর্তমানে বিমানবন্দরের ভেতরের অংশ তদারকি করে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক), বাইরের অংশ পুলিশ এবং প্রবেশপথের দায়িত্বে থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম জানান, বিমানবন্দর দেশের একটি অত্যন্ত সংবেদনশীল কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) স্থাপনা। দুষ্কৃতকারীরা আন্তর্জাতিকভাবে নজর কাড়তে বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানায়, তাই এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও নিছিদ্র করা প্রয়োজন। তিনি বলেন, নিরাপত্তা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে অডিটে বড় নেতিবাচক প্রভাব পড়বে না, তবে আন্তর্জাতিক পর্যায়ে দেশের একটি ভুল বার্তা যায়। এপিবিএন ও এভিয়েশন সিকিউরিটির মধ্যে কাজের স্পষ্ট সীমানা ও একটি সমন্বিত নিরাপত্তা রূপরেখা না থাকলে এই ফাঁক রয়েই যাবে বলে তিনি মত দেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। তিনি জানান, দেশের সব বিমানবন্দরে সর্বদাই উচ্চ নিরাপত্তাব্যবস্থা বহাল থাকে। আইকাও অডিট চলাকালে যে আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়েছিল, তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন, সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির শেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এপিবিএন ল্যান্ডসাইডের বাইরের অংশ এবং বেবিচক ভেতরের অংশ তদারকি করছে। সেভাবেই দায়িত্ব বণ্টন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।




