অনলাইন গণমাধ্যম ‘ডেইলি বাংলাদেশ’-এর শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের বাবা মো. সফর উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ১৬ নভেম্বর ঢাকার ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে ৬৩ বছর বয়সে মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সফর উদ্দিনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ার পর ২০২৪ সালের ৯ নভেম্বর ইবনেসিনা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে অস্ত্রোপচারের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে ১৫ নভেম্বর তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয় এবং পরদিন ১৬ নভেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম সফর উদ্দিন কর্মজীবনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তিনি স্থানীয় যিদনী মডেল স্কুলের সহসভাপতি, স্থানীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সদর থানা এলাকার উন্মুক্ত কবরস্থানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নানা সামাজিক সংগঠনের নেতৃত্বে থেকে এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং বিপুলসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ছেলে মো. জাহিদুল হক মনির সাংবাদিকতার পাশাপাশি শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন।
বাবার স্মৃতিচারণ করে আবেগপ্লুত কণ্ঠে সাংবাদিক জাহিদুল হক মনির বলেন, ‘বাবাকে হারানোর দুই বছর হয়ে গেল। সময় যত যাচ্ছে, বাবাকে হারানোর শূন্যতাটা যেন আরও গভীর হচ্ছে। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর কথা মনে পড়ে। ছোটবেলা থেকে বাবার স্নেহ, শাসন ও সাহসই ছিল আমার পথচলার বড় শক্তি। আজ তিনি নেই, কিন্তু তাঁর শেখানো মূল্যবোধ ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা এখনো আমাকে পথ দেখায়।’
আইসিইউ ও ভেন্টিলেশনে কাটানো শেষ দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘বাবার শেষ সময়ের দিনগুলো এখনো চোখের সামনে ভাসে। হাসপাতালের আইসিইউর সেই সময়, ভেন্টিলেশনে থাকা বাবাকে ঘিরে আমাদের উৎকণ্ঠা—সবকিছুই এখনো মনে হয় এই তো সেদিনের ঘটনা। ১৬ নভেম্বর দিনটি আমাদের পরিবারের জন্য কখনো ভুলার নয়।’
দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মো. সফর উদ্দিনের আত্মার শান্তির জন্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছে তাঁর পরিবার।




