বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক: ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্য সামনে রেখে লোহাগাড়ায় ভূমি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২২ মে) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন লোহাগাড়া উপজেলা ভূমি অফিস। উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে তিনি বলেন, ভূমির সমস্যা সমূহ সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তরিকভাবে কাজ করছেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা, আন্তরিকভাবে কাজ করলে ভূমির সমস্যা থাকার কথা নয়। স্মার্ট ভূমিসেবার মাধ্যমে মানুষের সমস্যা দূর হবে বলে উল্লেখ করেন তিনি। স্মার্ট ভূমিসেবা কর্যকর হলে লোকজনকে দূভোর্গ পোহাতে হবে না।
সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের কাজ নিজেকেই করতে হবে। অন্য কারো মাধ্যমে করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহজাহান।
বক্তব্য রাখেন উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফয়েজ উল্যাহ চৌধুরী, আলহাজ্ব মুস্তফিজুর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ একেএম ফজলুল হক, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ও কৃষক নারায়ন দাশ প্রমুখ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ, উপজেলা নির্বাচন অফিসার আব্দু শুকুর, পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় জোনাল অফিসের ডিজিএম মো. শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, চেয়ারম্যান নাজিম উদ্দিন ও পার্বত্য আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজেমুল ইসলাম। এছাড়াও উপজেলা ভূমি অফিস, এলাকার তিন তহশিল অফিসের কর্মকর্তা-কর্মচারীগণসহ অনেকে অংশগ্রহণ করেন এ অনুষ্ঠানে।
উল্লেখ্য যে, স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা-ই এবারের ‘ভূমি সপ্তাহ’র মূল লক্ষ্য। ২২মে সোমবার থেকে ২৮মে রবিবার পর্যন্ত এ ভূমি সপ্তাহ উদযাপন করা হবে।




