যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের সামরিক অভিযান সত্ত্বেও ইরানের অস্ত্রাগারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক সাম্প্রতিক মূল্যায়নের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিনের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির সামরিক সক্ষমতা পুরো ভেস্তে যায়নি। মধ্যপ্রাচ্যে পুনরায় সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওয়াশিংটন ও তার মিত্রদের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানার মতো পর্যাপ্ত ক্ষমতা এখনো তেহরানের রয়েছে।
তবে এই গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের আত্মবিশ্বাসের মাত্রা কিছুটা কম। মূলত ইরানের ঠিক কতটি ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে এবং কতগুলো গুদাম বা সংরক্ষণাগারে জমা রাখা হয়েছে, তা নিশ্চিত করা বেশ কঠিন হওয়ায় এই হিসাবের বিশ্বাসযোগ্যতার মাত্রা কম বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে ইরানের অস্ত্রভান্ডার পুনর্গঠনের গতি অনেকটাই ধীর। তা সত্ত্বেও দেশটির কাছে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা পুরো অঞ্চলজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সুযোগ তৈরি করে দেয়। এর পাশাপাশি ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের একটি ধারনামতে, ইরানের ভাণ্ডারে অন্তত ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যদিও আঞ্চলিক অন্যান্য মূল্যায়নে এ বিষয়ে কিছুটা ভিন্ন মত রয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন মন্তব্য করেছেন যে, সবচেয়ে কম ক্ষেপণাস্ত্রের হিসাবটিকেও যদি সঠিক হিসেবে ধরে নেওয়া হয়, তাহলেও এটি স্পষ্ট যে যুদ্ধের আগে ইরানের কাছে যে পরিমাণ ক্ষেপণাস্ত্রের মজুত ছিল, তার অর্ধেকেরও বেশি তারা আবারও গড়ে তুলতে সক্ষম হয়েছে।
গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, ইতিপূর্বে পরিচালিত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ পরিকাঠামোর বিভিন্ন দুর্বলতা বারবার উন্মোচিত হয়েছে। এমন পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে আপাতত নতুন করে কোনো বড় ধরনের সামরিক অভিযানে না গিয়ে বাণিজ্য অবরোধ ও নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল গ্রহণ করেছে ওয়াশিংটন।




