বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ দেশের চার শীর্ষ প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসনিক এ রদবদল সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা দু’জন অতিরিক্ত সচিবকে নতুন দুটি সংস্থায় মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত সচিব সাইফুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক এবং অপর অতিরিক্ত সচিব জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।




