জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং শত শত কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নানক পরিবারের এই তিন সদস্যের নামে মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। পাশাপাশি তাদের বিরুদ্ধে ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মামলার অনুমোদনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কমিশনের সচিব সাইদুর রহমান খান। তিনি জানান, নানক ও তার স্বজনদের নামে গড়ে তোলা বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি এবং বিপুল অঙ্কের ব্যাংক লেনদেনের অনুসন্ধানের পরই এই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক নিজে ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তার নামে থাকা ৩১টি ব্যাংক অ্যাকাউন্টে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমান মিলেছে। ফলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করা হবে।
নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের অনুসন্ধানে তার নিয়ন্ত্রণে থাকা ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট বিধানে মামলাটি দায়ের হবে।
অন্যদিকে নানকের মেয়ে এস. আমরীন রাখীর নামে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পাশাপাশি বড় অঙ্কের ব্যাংক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। মাত্র ১০টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই তার ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানায় দুদক। তার বিরুদ্ধেও দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। সেখানে অবস্থানকালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে তিনি নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২২: ৩৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২২: ৩৫




