আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে অাহত ফাতেমা বেগম (৪৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ফাতেমা বেগম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।
নিহতের ভাই মোঃ আমিন জানায়, বুধবার বিকেলে আমার বোন ফাতেমা বেগম কলাগাছের পাতা কাটছিলো। এমন সময় রেজাউল করিম আমার বোনকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আহত বোনকে চমেকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকায় শোকের মাতম চলছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।



