আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মোবারক হোসেন জুলহাস অবশেষে মারা গেছেন। আজ মঙ্গলবার (০২ মে) বাদে মাগরিব জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।নিহত জুলহাস সৈয়দ কুচাইয়া গ্রামের নূর আলমের পুত্র।
এদিকে খুনের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর পক্ষ থেকে খুনিদের বিচারের দাবিতে মিছিল করা হয়েছে।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় মোবারক হোসেন জুলহাস (২৭) তার নিজ গৃহে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা জড়ো হয়ে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় জুলহাস গুরুতর আহত হন।
এ সময় জুলহাসের আত্মচিৎকারে মোহাম্মদ সৈয়দ (৬০), রহমান (২৭), সোহেল(২২) ও আলিম (৩২) এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলায় আহত হন।
জুলহাসকে আহত অবস্থায় দ্রুত স্থানীয়রা আনোয়ারা হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হলে নগরীর বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়।
গত সোমবার রাত ৯ টায় জুলহাস মারা যান। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। আজ মঙ্গলবার বিকেলে জুলহাসের লাশ বাড়িতে পৌঁছলে আবাল বৃদ্ধ বনিতা তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। ওই সময় স্বজনদের আহাজারি আকাশ যেন ভারী হয়ে ওঠে।
এলাকাবাসী তাৎক্ষনিক জুলহাসের খুনিদের বিচারের দাবিতে এলাকায় মিছিল বের করে। মিছিলে খুনিদের ফাঁসির দাবি জানানো হয়। বাদে মাগরিব জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় বিপুলসংখ্যক লোকের সমাগম হয়।
বারখাইন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
স্থানীয় অধিবাসি নাসির উদ্দিন দি ক্রাইমকে জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, ইট ও গাছ দিয়ে জুলহাসকে মারাত্মকভাবে শরীরে আঘাত করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কায়সার দি ক্রাইমকে জানায়, ১০ /১২ জনের লোক জড়ো হয়ে বাড়ির সামনে জুলহাসকে অতর্কিতভাবে হামলা করা হয়।
মেজবাহ উদ্দিন দি ক্রাইমকে জানায়, জুলহাস শান্তি প্রিয় ছেলে ছিল।
নিহত জুলহাসের ভাই আলিম বাদি হয়ে ৯ জনকে আসামীকরে থানায় মামলা করেছে।
আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান দি ক্রাইমকে জানায়, খুনিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি শীঘ্রই খুনিরা ধরা পড়বে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




