ক্রীড়া প্রতিবেদক: তিন দিনব্যাপী ‘হুন্দাই ৩৯তম কোরিয়ান কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (০৩ মার্চ) কুর্মিটোলা গলফ্ ক্লাব ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মিঃ লি জাং কিউন (HE Mr. Lee Jung-keun), উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্ণিত টুর্নামেন্টটি গত ০১ মার্চ এ শুরু হয়।
প্রতিযোগিতায় দেশি ও বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৭৬৯ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মিঃ ইউং ওহ্ ইউ চ্যাম্পিয়ন, মেজর মোহাম্মদ গোলাম মওদুদ (অবঃ) রানার-আপ, মিসেস সারমিন জাহাঙ্গীর লেডি উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল-মাহবুব, কোরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট মিঃ ইউং ওহ্ ইউসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গ, দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ; কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, গলফ্ ক্লাবের সদস্যবৃন্দ, কোরিয়ান কমিউনিটির ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ উদ্যোগের জন্য কোরিয়ান কমিটির প্রেসিডেন্ট ও টুর্নামেন্ট কমিটির সকলকে ধন্যবাদ জানান।




