চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়ায় ৭ হাজার ৬শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আজিজুল হক ভুট্টো (৪৩) উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত মোজাফফর আহমদের ছেলে। আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বন বিভাগের সামনের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এসময় একটি যাত্রীবাহী লেগুনা গাড়ি তল্লাশি করে ৭ হাজার ৬’শ পিস ইয়াবাসহ আজিজুল হক ভুট্টো নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হবে।




