বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ঢেঁকিছড়া আমবাগান এলাকার রেংয়েন ম্রো পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্তদল পরিদর্শন করেন। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে তদন্তটিম ঘটনাস্থলে উপস্থিত হয়। দুই ঘন্টা সময় ধরে তদন্ত কমিটি রেংয়েন ম্রো পাড়ায় অবস্থান করে এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করে কমিটি।
তদন্ত কমিটিতে নেতৃত্ব দেন জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্মানিত সদস্য কংজরী চৌধুরী।

কমিটিতে সদস্য হিসাবে ছিলেন, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোঃ আশরাফুল আলম (জেলা ও দায়রা জজ), উপ- পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
পরিদর্শন শেষে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তদলের সদস্য এবং জাতীয় মানবাধিকার কমিশনের উপ- পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, তিনটি ঘরে আগুন দেয়া হয়েছে ও একটি ঘর ভাংচুর চালানো হয়। ভূমি বিরোধ নিয়ে এই ঘটনার সূত্রপাত বলে তিনি মন্তব্য করেন। সামনে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হতে ও নিরাপত্তা নিশ্চিত করতে লামা থানা পুলিশকে বলা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী, সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি, বান্দরবান জেলা ও লামা উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




