নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে একাধিক মামলার আসামি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোজাহের উদ্দিন রাজীবকে (৩৩) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২ রাউন্ড কার্তুজসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। মোজাহের উদ্দিন প্রকাশ রাজীব বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের জয়নাল আবেদীন প্রকাশ জুনুর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১১ জুলাই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড থানায় মোজাহের উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা হয়। এরপর ১৭ জুলাই ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কাউন্টার টেরিরিজম ইউনিট তাকে গ্রেপ্তার করে। পরে তিনি দীর্ঘদিন জেলে থাকার পর গত ৫ মাস আগে জামিনে মুক্ত হন। জামিনে আসার পর ফের নানা অপরাধে জড়িয়ে পড়েন রাজিব।
সীতাকুণ্ড থানার ওসি বলেন, দুর্ধর্ষ জঙ্গি রাজিবের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় তিনটি মামলা রয়েছে। এছাড়া ঢাকায় একটি এবং রাজশাহীর পুটিয়া থানায়ও মামলা আছে। সেসময় রাজীবদের আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। সম্প্রতি জামিনে আসার পর এলাকায় আবার অপকর্ম শুরু করে এবং এক ব্যক্তির দোকান আগুনে পুড়িয়ে দেয়।
ওসি আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা হয়েছে। এদিকে আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।




