ঢাকা ব্যুরো: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে মো. নাসির হাওলাদার ও সৈয়দ মহিউদ্দিন ওরফে সালমান নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারকৃত দুজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। রবিবার (৬ নভেম্বর) কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা অনলাইনে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান শুনে, বিভিন্ন উগ্রবাদী অডিও, ভিডিও দেখে ও বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। এরপর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হয়ে ‘জিহাদি’ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শুরু করে। জঙ্গি সংগঠনের একজন শীর্ষস্থানীয় পলাতক সদস্য মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ও তার আশেপাশে এলাকায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রিক্রুটার হিসেবে কাজ করে। মূলত তার মাধ্যমেই এই সংগঠনে যোগদান করে তারা।
এই জঙ্গি সংগঠনের সদস্যরা বিভিন্ন পন্থা অবলম্বন করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও ও সরকারবিরোধী পোস্ট করে সংগঠনের প্রচারণা চালাতো তারা।
গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধান বিরোধী প্রচারণার মাধ্যমে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে কথিত জিহাদে যোগদান করতে উদ্বুদ্ধ করে যাচ্ছে গ্রেপ্তারকৃত ওই দুই সদস্য। ঘটনার দিন গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তরা রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করার জন্য ঘটনাস্থলে জমায়েত হয়েছিলো। এ বিষয়ে কদমতলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে।




