বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভিনের স্বামীকে মারধরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা আনসার অ্যাডজুটেন্ট ফিরোজ আহমেদ বলেন, ‘ইউএনও নিজে ওই আনসার সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে তুলেছেন। যে কারণে তাদের সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।’
এর আগে, শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলে শামিম হোসেনকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন ইউএনওর গাড়িচালক ফেরদৌস হোসেন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ‘ঘটনার পরপরই শামিম হোসেন ও তার ছেলে আলিফকে আটক করা হয়েছিল। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের করা হলে শামিমকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে।’
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভিন রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে খেলার মাঠে কোনো কারণ ছাড়াই শামিম ও তার ছেলে আলিফ আমার স্বামী আল আমিনের ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার বাইরে নেওয়া হবে।’




