উত্তরা (ঢাকা) প্রতিনিধিঃরাজধানীর দক্ষিণখানের একটি রপ্তানিমূখী পোশাক কারখানায় শ্রমিক কল্যাণের নামে তোলা টাকার কোনো সুনির্দিষ্ট হিসেব দিতে পারেন না ইউনিয়নের নেতারা। সেই টাকা তারা নিজেরাই ভাগ বাটোয়ারা করে খাচ্ছেন। খরচ করছেন নিজেদের ব্যাক্তিগত কাজে। এমন অভিযোগ করেছেন শ্রমিকরা। এছাড়া ইউনিয়নের নেতাদের একঘেয়েমি ও কথায় কথায় দাপোট দেখানো এবং ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ শ্রমিকরা।
জানা গেছে, দক্ষিণখানের কসাইবাড়ী রেলগেট এলাকায় অবস্থিত ইন্ট্রাকো ডিজাইন লিঃ এর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন শ্রম মন্ত্রণালয় থেকে অনুমোদন পায় ২০১৯ সালের ২০ নভেম্বর। এরপর থেকে শ্রমিক কল্যাণ তহবিলের নামে উক্ত কারখানার শ্রমিককে প্রতি মাসে ২০ টাকা করে চাঁদা দিতে হয়।
কারখানার একাধিক শ্রমিক জানায়, কারখানায় প্রায় সাড়ে চারশো শ্রমিক রয়েছে। সেই হিসেবে ইউনিয়নের ফান্ডে ৩ লাখ ২৪ হাজার টাকা অন্তত থাকার কথা। শ্রমিকরা হিসেব চাইলে তালবাহানা করে ইউনিয়নের সভাপতি। যৌক্তিক সুনির্দিষ্ট কোনো হিসেব দিতে পারেন না। কেউ হিসেব চাইলে তাকে হুমকি-ধামকি দিয়ে দমিয়ে রাখা হয়।
শ্রমিক নেতাদের হিসেবে ফান্ডে টাকা রয়েছে দেড় লাখ টাকার মতো। বাকী টাকা কোথায় গেল জানতে চাইলে বলেন, ইউনিয়নের কাজে এদিক-সেদিক দৌড়াদৌড়িতে টাকা খরচ হয়েছে। এছাড়া প্রতিমাসের তোলা চাঁদার ২০ ভাগ কেন্দ্রীয় নেতাদের দিতে হয়। এমন যুক্তিহীন হিসেব দেওয়া হয় শ্রমিকদের।
ফিউজিং সেকশনের শ্রমিক মোহাম্মদ ফুরকান জানায়, শ্রমিক কল্যাণের নামে তোলা টাকা শ্রমিক কল্যাণে ব্যবহার করা হয় না। কারো টাকা প্রয়োজন হলে হাজারে ২০০ টাকা সুদ দিয়ে সভাপতির কাছ থেকে টাকা নিতে হয়। ইউনিয়নের নির্বাচন ২ বছর পর হওয়ার কথা থাকলেও এই কমিটির তিন বছর হয়ে গেলেও নির্বাচন দেয়না। বর্তমান কমিটির নেতারা পদ ছাড়ে না। তাদের বিরুদ্ধে কথা বললে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখে। তাদের একঘেয়েমি সিদ্ধান্তের কারণে কারখানা ও শ্রমিকদের ভবিষ্যত ধ্বংসের পথে।
এদিকে গত কয়েকদিন আগে ইউনিয়নের চাঁদার টাকা তুলতে গিয়ে ঘটে গেল তুমুল কান্ড। ফিনিশিং কোয়ালিটি রিয়াজ জানায়, চলতি মাসের চাঁদা তুলতে এসে নেতারা বলে জুলাই মাসের চাঁদাও দিতে হবে। আগে তারা জুলাই মাসের চাঁদা তুলে নি। অতএব চলতি মাসে দুই মাসের ৪০ টাকা একসাথে দিতে হবে। অন্যদিকে এ নিয়ে কোয়ালিটি সেকশনের সবাই প্রতিবাদ করে। তাদের দাবি জুলাই মাসের চাঁদা আগেই নেওয়া হয়েছে। তারা প্রমাণও দেখান। কিন্তু কোনো যুক্তি-প্রমাণ মানতে নারাজ ইউনিয়নের সভাপতি দুলাল। তার অযৌক্তিক দাবি চাঁদা তোলা হয়নি, দিতে হবে। কোয়ালিটিদের হুমকি দেওয়া শুরু করেন। পরে ভয়ভীতি থেকে শ্রমিকরা একপ্রকার বাধ্য হয়ে মেনে নেয়।
এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ইন্ট্রাকো ডিজাইন লিঃ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. দুলাল। এ বিষয়ে নিউজ করলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করে সাংবাদিককে ফেসবুকে ভয়েস মেসেজ পাঠান।
Post Views: 453




