রাজশাহী প্রতিনিধি: স্বামী মারা গেছেন। দুই ছেলের ভিন্ন সংসার। ওই সংসারে ঠাঁই হয়নি মা জেলেমণি বিবির। জীবনের পড়ন্ত বিকেলে ভাগ্য তাকে পথে এনে দাঁড় করিয়েছে।
৭০ বছরের এই বৃদ্ধার দিন কাটে অন্যের মুখের দিকে তাকিয়ে। অন্ন জোগাতে মানুষের কাছে বাড়াতে হয় হাত। এভাবে এক পেট চলে যায় কোনোমতে, কিন্তু অনেক কষ্টে সংগ্রহ করা খাবারটুকু সংরক্ষণ করতে পারেন না তিনি। এ কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে জেলেমণি বিবি একটি ফ্রিজের আবদার করেন। প্রতিমন্ত্রী এই বৃদ্ধার আবদার সানন্দে পূরণ করেছেন। তিনি জেলেমণি বিবিকে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে দিয়েছেন।
জেলেমণি বিবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা উপজেলার পারসাওতা গ্রামের মৃত মাদার বক্সের স্ত্রী। গত শুক্রবার বাঘা শাহী মসজিদের ওজুখানার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরিয়ার আলম। ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে ফ্রিজ কিনে দেওয়ার অনুরোধ করেন জেলেমণি বিবি।
এ সময় তিনি প্রতিমন্ত্রীকে জানান, বয়স হয়ে যাওয়ায় এখন আর তিনি প্রতিদিন মানুষের কাছে হাত পেতে খাবার সংগ্রহ করতে পারেন না। একদিনে সংগ্রহ করা খাবার তিনি ফ্রিজে রেখে কয়েকদিন খেতে চান। এ জন্য তার একটি ফ্রিজ দরকার।
জেলেমণি বিবির অনুরোধে সাড়া দিয়ে প্রতিমন্ত্রী তার প্রতিনিধি বাঘার মোজাহার আলী মহিলা কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিনের মাধ্যমে গত মঙ্গলবার ওয়ালটন শোরুম থেকে একটি ফ্রিজ কিনে জেলেমণির কাছে হস্তান্তর করেন। এ সময় অত্যন্ত আনন্দিত হয়ে বৃদ্ধা জেলেমণি প্রতিমন্ত্রীর জন্য দোয়া করেন।
নছিম উদ্দীন জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যস্ততার কারণে নিজে ফ্রিজটি কিনে দিতে পারেননি। তবে তাকে দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব পালন করতে পেরে তিনি খুশি হয়েছেন।




