গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে সম্পন্ন হওয়া কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার দাবিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুই উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মিছিল বের হয়। মিছিলটি বোনারপাড়াস্থ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বোনারপাড়াস্থ সাঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামশুল আরেফিন ও সাধারণ সম্পাদক নাছরুল আলম, বোনারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান কবির প্রমুখ।
বুধবার সম্পন্ন হওয়া কেন্দ্রের ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বলেন, এই উপ- নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে প্রায় সারাদিন ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন হয়েছে। স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা কারও কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। অথচ অজ্ঞাত কারণে কমিশন উপ-নির্বাচন বন্ধ করার ঘোষণা দেয়। যা সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এতে সাধারণ ভোটারদের হতাশ করেছে। তাই সম্পন্ন হওয়া কেন্দ্রগুলোর ফলাফল অবিলম্বে ঘোষণা করতে হবে।
একই সময়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। মিছিলটি কালিরবাজারস্থ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা টায়ার জ্বালিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখে। সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করায় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসানের সমর্থক ও নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেয়। তারা বুধবার সম্পন্ন হওয়া কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার দাবিতে শ্লোগান দেয়।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বুধবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও নির্বাচন বন্ধ ঘোষণা করার কোনো কারণ নেই। তারা বলেন, যেসব কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, সেগুলোর ফলাফল অবিলম্বে ঘোষণা করতে হবে।
এ আসনের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান, জাতীয় পার্টি (জাপা) মনোনীত এএইচএম গোলাম শহীদ, বিকল্পধারা মনোনীত জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান এবং সৈয়দ মাহবুবুর রহমান। এরমধ্যে বুধবার দুপুরে আওয়ামী লীগ বাদে বাকী চারজন প্রার্থী ভোট বর্জন করেন। এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।




