প্রেস বিজ্ঞপ্তি: খুলনা সদর থানাধীন সি এস এস আভা সেন্টারে ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যেগে আজ রোববার ১১ সেপ্টেম্বর সকাল ৯টায় “সুন্দরবনকেন্দ্রিক পর্যটন নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন- এর পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল।
কর্মশালায় প্রধান অতিথি আবু তাহের মুহাম্মদ জাবের, প্রধান নির্বাহী কর্মকর্তা(অতিঃ সচিব) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিশেষ অতিথি মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম, ডিআইজি ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ অনলাইনে সংযুক্ত থেকে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া উক্ত কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্স স্কুলের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব মোহসীনুল হাকিম, ডিজিটাল ট্র্যাকিং ডিভাইস কোম্পানী জাহাজী লিমিটেডের সিইও কাজল আব্দুল্লাহ, ট্যুর অপারেটর এসোসিয়শন অব সুন্দরবন(TOAS) এর নেতৃবর্গসহ প্রায় ৫০ জন ট্যুর অপারেটরবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়নের সদস্যবৃন্দসহ প্রায় ৯৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম (সেবা)।
বিভিন্ন বিশেষজ্ঞ বক্তা ও সম্মানিত স্টেকহোল্ডারবৃন্দ নিজ নিজ আলোচনায় সুন্দরবনের পর্যটন নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধানকল্পে গৃহীতব্য পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় পর্যটন নিরাপত্তা নিশ্চিতকল্পে ট্যুরিস্ট পরিবাহী নৌযানগুলোতে ডিজিটাল ট্র্যাকিং ডিভাইস লাগানো, নৌযানের নিরাপত্তায় আধুনিক নেভিগেশনাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা, নৌযান ও ট্যুর পরিচালনাকারী কর্মচারীদের এনআইডি ও বিস্তারিত তথ্যের ভিত্তিতে পৃথক ডাটাবেজ তৈরী, পর্যটকদের জন্য পৃথক করণীয়-বর্জনীয় তালিকা তৈরী, নিরাপত্তার কাজে দায়িত্বরত সংস্থাগুলো ও ট্যুর অপারেটরদের মধ্যে আন্তঃসহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যতে সুন্দরবনকে একটি নিরাপদ ও সুসংহত ইকো-ট্যুরিজম স্পট হিসেবে আর্ন্তজাতিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য বিভিন্ন করণীয়সমূহ সম্পর্কে গঠনমূলক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত কর্মশালা সুন্দরবনকেন্দ্রিক পর্যটন নিরাপত্তা উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে সকলে আশা প্রকাশ করেন।
Post Views: 239




