বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অনুমোদনহীন দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত শহরের মালতীনগর ও বাদুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
জান্নাতুল নাইম বলেন, জনস্বার্থে আমরা অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় শহরের মালতীনগর এলাকায় মাদার অ্যান্ড চাইল্ড কমিউনিটি হসপিটালে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল পরিচালনার জন্য তাদের কোনো অনুমোদন ছিলো না। এরপরও তারা হাসপাতাল, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া বিধি অনুযায়ী সেখানে প্রয়োজনীয় ডাক্তার ও ল্যাব এসিস্ট্যান্ট ছিলো না। এ কারণে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা এবং তাদের ল্যাব ও হাসপাতালটি সিলগালা করা হয়।
তিনি আরও বলেন, এরপর শহরের বাদুরতলা এলাকায় নিউ সততা ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। সেখানেও অনুমোদন ছাড়াই হাসপাতাল, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছিলো। এছাড়া অত্যন্ত নিম্নমানের পরিবেশ, ডিউটি ডাক্তার না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসব কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।




