ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর বর্তমানে সপরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। অভিনয়ে নিয়মিত না থাকলেও ভ্রমণের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে, যা তিনি নিয়মিত তার সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করে থাকেন। এরই ধারাবাহিকতায় ছেলের স্কুলের ছুটিতে দুই মাসের জন্য সিডনি ছেড়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে গেছেন এই অভিনেত্রী।
চলতি বছরে এটি শাবনূরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে তিনি সিডনি থেকে সেখানে পৌঁছেছেন। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেলেও লস অ্যাঞ্জেলেসে এটি তার প্রথম সফর।
হলিউডের প্রতি বিশেষ আগ্রহ থাকায় বিমানবন্দরে নেমেই হোটেলে না গিয়ে সরাসরি বিখ্যাত হলিউড সাইন দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে ছেলেকে সঙ্গে নিয়ে সান্তা মনিকা পাহাড়ের ওপর অবস্থিত বিশ্বখ্যাত ‘হলিউড’ সাইন ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি। মা-ছেলের ভ্রমণের বেশ কিছু ছবিও তিনি ফেসবুকে প্রকাশ করেছেন।
আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এই সময়ের মধ্যে অনুষ্ঠানের ফাঁকে ছেলেকে নিয়ে আরও কিছু দর্শনীয় স্থান ঘোরার পরিকল্পনা রয়েছে তার। এরপর তিনি লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবেন এবং সেখানে কয়েক দিন কাটানোর পর নিউইয়র্ক হয়ে সিডনিতে ফিরবেন।




