রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো – বিআইএমইএক্স ২০২৬’-এর তৃতীয় আসর। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম শিল্পের বিকাশ এবং আধুনিকায়নের লক্ষ্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বিএমইআইএসএ) সভাপতি মাহফুজ হাসান, আর অ্যান্ড জি কনসাল্টিংয়ের লিড কনসালট্যান্ট ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) কোষাধ্যক্ষ আহমেদ কবির, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মহাসচিব জামিলুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্রদর্শনীতে চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি, ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি প্রযুক্তি, ফিজিওথেরাপি এবং মেডিকেল ডিসপোজেবলসসহ চিকিৎসা খাতের নানা উদ্ভাবন তুলে ধরা হয়েছে। এতে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও স্বাস্থ্যসেবা খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
পণ্য প্রদর্শনের পাশাপাশি প্রদর্শনীতে আন্তর্জাতিক বি-টু-বি (B2B) ও বি-টু-জি (B2G) বৈঠক, সেমিনার এবং প্যানেল আলোচনার আয়োজন রাখা হয়েছে। এসব আয়োজনে দেশ-বিদেশের স্বাস্থ্যসেবা শিল্পের শীর্ষ ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। প্রদর্শনীটি ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।




