দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭ হাজার ২৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৪ হাজার ১৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ৫৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৬৯৫ টাকা।
বাজুসের এই নতুন মূল্যতালিকা অনুযায়ী স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল। সেই হিসাবে মাত্র এক দিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম বেড়েছে ২২৫ টাকা।




