প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে দেশে মাদক প্রবেশের জন্য ২১টি জেলার ১০৬টি স্থলসীমান্ত পয়েন্টকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে মাদক পাচারকারীদের তৎপরতা কেবল স্থলসীমায় সীমাবদ্ধ নেই; সুন্দরবনের নদীপথ এবং বঙ্গোপসাগরের জলসীমা ব্যবহার করেও বিপুল পরিমাণ মাদক ঢুকছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিজিবি, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থাপন করা পৃথক তিনটি প্রতিবেদনে জল ও স্থলপথে মাদক চোরাচালানের এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
বিজিবির প্রতিবেদন অনুযায়ী, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলো মাদক চোরাচালানের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। সংস্থাটি ঝুঁকিপূর্ণ ১০৬টি সীমান্ত রুটকে আঞ্চলিক ভিত্তিতে বিভক্ত করেছে। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার ও বান্দরবান জেলার ২৫টি পথ রয়েছে, যা দিয়ে মূলত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও আফিম পাচার হয়ে আসে। পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩৯টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, যেখান দিয়ে ফেনসিডিল, গাঁজা, দেশি-বিদেশি মদ, বিয়ার ও নেশাজাতীয় সিরাপ প্রবেশ করে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ২২টি পথ দিয়ে প্রধানত ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ আসে। আর উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের ২০টি স্থান দিয়ে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও নেশাজাতীয় ট্যাবলেট দেশে ঢুকছে।
সীমান্তে মাদক জব্দের চিত্র তুলে ধরে বিজিবির প্রতিবেদনে জানানো হয়, গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাসে ২ কোটি ৪১ লাখের বেশি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। একই সময়ে সংস্থাটি ৩২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫ হাজার ৩৩০ বোতল ফেনসিডিল এবং ৬৪ হাজার ৫৫১ বোতল বিদেশি মদ জব্দসহ ১ হাজার ৩৭৭ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
কোস্টগার্ডের প্রতিবেদনে জলপথে মাদক পাচারের বিশদ তথ্য উঠে এসেছে। এতে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারকে জলপথের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়। টেকনাফ, নাফ নদী, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনসংলগ্ন সমুদ্রসীমা ব্যবহার করে দেশে ইয়াবা ও আইস নিয়ে আসা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব সীমান্তের একশ্রেণির স্থানীয় জেলে মাছ ধরার নৌযানে সার, সিমেন্ট ও খাদ্যসামগ্রী মিয়ানমারে পাচার করেন এবং ফেরার পথে ইয়াবা ও আইসের চালান নিয়ে আসেন। এ ছাড়া সাতক্ষীরার কৈখালী ও সুন্দরবনের অভ্যন্তরীণ নদীপথ দিয়ে ফেনসিডিল ও গাঁজা প্রবেশ করছে। সংঘবদ্ধ চোরাচালান চক্রগুলো মাছ ধরার ট্রলার, পণ্যবাহী নৌযান ও স্থানীয় সহযোগীদের কাজে লাগিয়ে এসব মাদক পরিবহন ও সরবরাহ বজায় রাখছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনে আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন নির্দিষ্ট উৎসগুলোর তালিকা দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, মিয়ানমারের মংডু, নাইখোংদিয়া, সিতারগোলা, সিত্তে ও আল লে থান খেয়া অঞ্চল থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা বাংলাদেশে আসে। ২০২০ সাল থেকে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ আসার তথ্য নথিভুক্ত রয়েছে। অপরদিকে ভারতের আসাম, করিমগঞ্জ, কোচবিহার ও আগরতলা সীমান্ত এলাকা গাঁজার মূল উৎস। আর হেরোইনের বড় অংশটি আসে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা সীমান্ত দিয়ে। আন্তর্জাতিক প্রেক্ষাপট উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে পপি চাষ কমে যাওয়ার পর মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে এর উৎপাদন বেড়েছে, যার সরাসরি প্রভাবে টেকনাফ সীমান্ত দিয়ে হেরোইন চোরাচালান বৃদ্ধি পেয়েছে।
গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, যেসব নির্দিষ্ট জায়গা দিয়ে দেশে মাদক ঢুকছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমন্বিতভাবে গোয়েন্দা নজরদারি, ড্রোন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং মাদক ব্যবসার অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের উৎস অনুসন্ধানে যৌথ অভিযান চালানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।




