রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নৌবাহিনীতে নতুন একটি পারমাণবিক ডুবোজাহাজ অন্তর্ভুক্ত করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে 'পার্ম' নামের এই ডুবোজাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত করা হয়।
রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, 'ইয়াসেন-এম' শ্রেণির এই ডুবোজাহাজটি রাশিয়ার প্রথম কোনো পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে। অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন যে, এসব অস্ত্রের পাল্লা ও কৌশলগত গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।
পুতিন জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক ডুবোজাহাজ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি হবে পার্মের মতো একই প্রযুক্তিতে তৈরি ইয়াসেন-এম শ্রেণির। রুশ প্রেসিডেন্টের ভাষ্যমতে, এসব ডুবোজাহাজ বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম এবং এগুলোতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যাবে।
পারমাণবিক শক্তিচালিত এসব ডুবোজাহাজ রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থানের সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও পাল্টা আঘাত হানার সুযোগ থাকে এগুলোর। অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।




