গত ১৭ অক্টোবর পদ্মার আরিচা ঘাটের মাছের আড়তে নানা প্রজাতির মাছের মাঝে একটি অদ্ভুতদর্শন মাছ দেখে থমকে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। কাছে গিয়ে তিনি নিশ্চিত হন এটি সাকার মাছ। এতদিন ধরে ধারণা করা হতো এই মাছ মূলত ঢাকার চারপাশের নদ-নদীতে সীমাবদ্ধ। বিস্ময় নিয়ে সেখানকার জেলেদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, পদ্মায় জাল ফেললেও এখন সাকার মাছ উঠে আসে। পরবর্তীতে মেঘনা নদীতে ডলফিনের খোঁজ করতে গিয়েও এর দেখা পান তিনি। গত ৭ নভেম্বর প্রথম আলোকে নিজের এই উদ্বেগের কথা জানান অধ্যাপক আজিজ। ইলিশের অন্যতম প্রধান আবাসস্থল পদ্মায় সাকার মাছের এমন বিস্তার দেশের জলজ পরিবেশ ও দেশি প্রজাতির মাছের জন্য বড় বিপদসংকেত হয়ে দাঁড়িয়েছে।
দেশের আটটি বিভাগের অন্তত ২৪টি নদী, একটি হ্রদ এবং একটি হাওরে সাকার মাছের উপস্থিতির প্রমাণ পেয়েছেন একদল গবেষক। ২০২৩ সালে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকদের সঙ্গে যৌথভাবে জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবার্গ, তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ বিষয়ে ব্যাপক গবেষণা পরিচালনা করেন। ‘ইনভেসিভ সাকারমাউথ ক্যাটফিশেস (সিলুরিফর্মিস: লোরিকারিডি) ইন বাংলাদেশ ওয়েটল্যান্ডস: প্রেজেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শিরোনামে এ গবেষণাপত্রটি বাংলাদেশ জার্নাল অব জুলজিতে প্রকাশিত হয়। এতে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও ধলেশ্বরীর বাইরেও পদ্মাসহ ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, ধরলা, তিস্তা, চিত্রা, বলেশ্বর, ভৈরব ও বিষখালী নদীতে এই ক্ষতিকর মাছের বিস্তারের সুনির্দিষ্ট তথ্য উঠে আসে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, হালদা ও কর্ণফুলী নদী এবং কাপ্তাই হ্রদসহ সিলেটের বিলাস ও সুরমা নদী এবং হাকালুকি হাওরেও মাছটির স্থায়ী বিচরণ ধরা পড়েছে।
গবেষণায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিয়ামুল নাসের জানান, হাওর ও নদ-নদীতে সাকার মাছের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা ইলিশের প্রজননক্ষেত্র ও অভয়াশ্রমে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি করেছে। তবে ইলিশ নদী ও জলাশয়ের গভীর অংশে সাঁতার কাটে এবং সাকার মাছ মূলত অগভীর এলাকায় সক্রিয় থাকে বলে ইলিশের ক্ষেত্রে ঝুঁকি কিছুটা কম হতে পারে। বিপরীতে, দেশি প্রজাতির বেশির ভাগ মাছ নদীর অগভীর অঞ্চলেই বসবাস ও বংশবৃদ্ধি করে। ফলে দেশি মাছের আবাসস্থল নষ্ট করতে এই আগ্রাসী মাছটি বড় ঝুঁকি তৈরি করছে। সাকার মাছের সার্বিক প্রভাবে দেশি মাছের ওপর কী ক্ষতি হচ্ছে, তা দ্রুত নিরূপণে সরকারের প্রশাসনিক পদক্ষেপের তাগিদ দেন তিনি।
দক্ষিণ ও মধ্য আমেরিকার আমাজন নদী অববাহিকা ও বিভিন্ন জলাশয়ের দেশি প্রজাতি সাকার ফিশ বিশ্বজুড়ে মূলত অ্যাকুয়ারিয়ামের শৈবাল ও ময়লা পরিষ্কার করার শৌখিন মাছ হিসেবে স্থান পেয়েছিল। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুলজিক্যাল স্টাডিজে ২০১৮ সালে প্রকাশিত ‘গ্লোবাল ইনভেশন অব সাকারমাউথ ক্যাটফিশ’ শীর্ষক গবেষণায় বলা হয়, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে এর বাণিজ্য শুরু হয়। আইইউসিএনের ইনভেসিভ স্পেশিজ ডেটাবেজ অনুযায়ী, খামার থেকে পালিয়ে বা অ্যাকুয়ারিয়াম থেকে পানিতে ফেলে দেওয়ার কারণে ফিলিপাইনসহ (২০০৭ সালের টাইফুন রোসিংয়ের পর) বিভিন্ন দেশে এটি উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে ১৯৮০-এর দশকে বগুড়ার কাহালু উপজেলায় এটি প্রথম ধরা পড়েছিল। তবে ২০০৮ সালে গুলশান লেকে পাওয়ার পর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক খলিলুর রহমানের বরাতে গবেষণায় প্রথম এটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার তথ্য পাওয়া যায়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মীর মোহাম্মদ আলী জানান, গৃহস্থালির অ্যাকুয়ারিয়ামে রাখা মাছগুলো আকারে বড় হয়ে গেলে শখ থেকে অনীহা তৈরি হওয়ায় অনেকে সেগুলো নদী, পুকুর বা লেকে ছেড়ে দেন। আর এভাবেই প্রাকৃতিক জলাশয়ে এই ক্ষতিকর প্রজাতির বিস্তার ঘটেছে।
দ্রুত বংশবৃদ্ধি এবং অতিরিক্ত আগ্রাসী স্বভাবের কারণে সাকার মাছ জলজ খাদ্যশৃঙ্খলে মারাত্মক ব্যাঘাত ঘটায়। নদীর তলদেশের শৈবাল, জৈব পদার্থ ও ক্ষুদ্র জলজ প্রাণী খেয়ে ফেলার পাশাপাশি অন্যান্য মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত জলজ উদ্ভিদগুলো উপড়ে ফেলে। ফলে নদীর তলার পরিবেশ বদলে যায় এবং অনেক দেশি প্রজাতি বাধ্য হয়ে চেনা আবাসস্থল ছেড়ে চলে যায়। এই ঝুঁকি বিবেচনা করে ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার সাকার মাছের আমদানি, বিক্রি ও প্রজনন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার পরও নদ-নদীতে মাছটির বিস্তার থামানো সম্ভব হয়নি।
বর্তমানে দেশে ইলিশের ছয়টি প্রধান অভয়াশ্রম রয়েছে, যার মধ্যে পটুয়াখালীর ৪০ কিলোমিটার দীর্ঘ কলাপাড়া-আন্ধারমানিক, ভোলার ১০০ কিলোমিটারের চর রুস্তম-তেঁতুলিয়া, মেঘনার ৯০ কিলোমিটার দীর্ঘ ইলিশা ঘাট থেকে চরপিয়াল, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার, বরিশালের হিজলা থেকে মেহেন্দিগঞ্জের ১৯০ কিলোমিটার (দীর্ঘতম) এবং সম্প্রতি ঘোষিত বরিশাল সদরের কালাবদর থেকে গজারিয়া পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা অন্যতম। গবেষকরা সতর্ক করেছেন যে সাকার মাছের অনিয়ন্ত্রিত বিস্তার এসব জলজ অভয়াশ্রম ও ভারসাম্যের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।
উন্মুক্ত জলাশয়ে এই মাছের বিস্তার ঠেকাতে ২০২৩ সালের গবেষণায় প্রথাগত পদ্ধতির পাশাপাশি ছবি বিশ্লেষণের প্রযুক্তি (ইমেজ প্রসেসিং), ইন্টারনেট অব থিংস (আইওটি), মেশিন লার্নিং ও রোবোটিকস ব্যবহারের সুপারিশ করা হয়েছে। এসব আধুনিক প্রযুক্তি জলাশয়ে সাকার মাছের অবস্থান ও সংখ্যা নির্ভুলভাবে শনাক্ত ও দ্রুত নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে। তবে সরকারি পর্যায়ে এখনও বড় ধরনের সমন্বিত উদ্যোগ চোখে পড়েনি। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক জানিয়েছেন, ঢাকা জেলা মৎস্য কার্যালয়ের মাধ্যমে সাকার মাছ ধরে মাটিতে পুঁতে ফেলার জন্য মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছিল। সারা দেশের নদ-নদীতে সাকার মাছের বিস্তার রোধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মাঠপর্যায়ে দ্রুত কাজ শুরু হবে।




