রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে পুনরায় সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার বেলা ১২টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে তা খতিয়ে দেখতে হবে। তার মতে, শিক্ষার্থীরা যদি প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারে, তবে দেশ থেকে বেকারত্ব কমানো সম্ভব হবে না।
চতুর্থ শিল্পবিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে। প্রচলিত ধারার বাইরে গিয়ে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক এবং কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।




