দেশের উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের বড় একটি অংশ ধারণ করলেও শিক্ষার গুণগত মান ধরে রাখা এবং স্নাতক ডিগ্রিধারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে হিমশিম খাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষক ও শ্রেণিকক্ষের অভাব, অনিয়মিত ক্লাস এবং প্রত্যন্ত এলাকার কলেজগুলোতে শিক্ষার্থীদের কম উপস্থিতির মতো একাধিক সংকট কাটিয়ে উঠতে এবার কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় নজর দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার এই অচলাবস্থা নিরসন এবং সামগ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে ‘রোডম্যাপ ২০৩০’ ঘোষণা ও বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই রূপরেখা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে আজ শনিবার রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেশের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে এক বিশেষ অধ্যক্ষ সম্মিলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষাকে আধুনিকীকরণ ও সরাসরি কর্মসংস্থানের বাজারের সঙ্গে সংসংযুক্ত করার দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯২ সালে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা ৪৫৫টি কলেজ নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ৩৪ বছরে এর পরিধি বহুগুণ বেড়েছে। বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয়টির অধীনে মোট ২ হাজার ৩১৮টি অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ৬০১টি সরকারি এবং ১,৬৯৬টি বেসরকারি কলেজ। এছাড়া ১২টি আঞ্চলিক কার্যালয়ের অধীনে পরিচালিত এসব প্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যা দেশের মোট উচ্চশিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। প্রথম দশকে (১৯৯২–২০০২) প্রতিষ্ঠানটির অধীন কলেজ ছিল ১,৭৪টি, দ্বিতীয় দশকে (২০০৩–২০১২) বেড়ে দাঁড়ায় ১,৬৯৮টি এবং তৃতীয় দশকে (২০১৩–২০২৩) হয় ২,২৬৫টি। অপরপক্ষে, দেশের অবশিষ্ট ৬১টি পাবলিক ও ১১৭টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট শিক্ষার্থী সংখ্যা মাত্র সাড়ে ৬ লাখের কাছাকাছি।
ইতিপূর্বে ঢাকা শহরের বড় সাতটি সরকারি কলেজও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ছিল। তবে প্রশাসনিক চাপ কমানো ও মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এসব কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে, যার রূপরেখাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর সঙ্গে মেলে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন স্বাধীন গবেষণা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে যে, প্রতিষ্ঠানটি মূলত পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডের মতো কাজ করলেও কাঙ্ক্ষিত গুণগত শিক্ষা প্রদানে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটদের প্রায় ২৮ শতাংশই সম্পূর্ণ বেকার থাকেন। আর যাঁরা চাকরি পান, তাঁদের বড় অংশই স্বল্প আয়ের কাজ করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জনই বেকারত্বে ভুগছেন, যেখানে জাতীয় সার্বিক বেকারত্বের হার ৪.৬৩ শতাংশ। শিল্প খাতের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতার ঘাটতিই এই বিপুল বেকারত্বের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
কলেজ পর্যায়ে তীব্র শিক্ষক ও অবকাঠামোগত সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্নাতক (সম্মান) শ্রেণিতে একেকটি বিভাগে ২০০ থেকে ৩০০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা হলেও অধিকাংশ কলেজে তাদের একসঙ্গে বসিয়ে ক্লাস নেওয়ার মতো পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। যেমন—গাইবান্ধা সরকারি কলেজে ১৪,৬৫২ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র ৬৬ জন, অর্থাৎ প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য মাত্র ১ জন শিক্ষক রয়েছেন। দূরদূরান্তের কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নেমে এসেছে প্রায় ৩০ শতাংশে, যদিও রাজধানীর পুরোনো কলেজগুলোতে তা ৭৫ শতাংশ বা তার বেশি। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানান, অধ্যক্ষরা মূলত শিক্ষকসংকট, ল্যাব সহকারীর অভাব এবং গবেষণাগারের সুবিধার ঘাটতির কথা তুলে ধরেছেন।
এই জটিলতা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০৩০ সালের মধ্যে একাডেমিক সিলেবাস পুরোপুরি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ এবং ‘আউটকাম বেইজড এডুকেশন’ (ওবিই) অনুসরণে ১৫৯টি বিষয়ের পাঠ্যক্রম সংস্কার করা হচ্ছে। ইতোমধ্যে ৪,২০০টি কোর্সের মধ্যে ৫৫০টি কোর্স আধুনিকীকরণ শেষ হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে আইসিটি এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যবাধকতা করা হয়েছে। ৩য় ও ৪র্থ বর্ষে যুক্ত হচ্ছে বিশেষায়িত কর্মমুখী কোর্স ও যোগাযোগভিত্তিক ইংরেজি।
এছাড়া আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা বাড়াতে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’ গঠন করে বাংলা ও ইংরেজির পাশাপাশি মান্দারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখার সুযোগ চালু করা হয়েছে। ইতোমধ্যে ২৭টি কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করা হয়েছে এবং চলতি বছরের মধ্যে ১০০টিতে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আইসিটি শিক্ষাদানে ঘাটতি মেটাতে ৮৯ জন কোর ট্রেইনার ও ৮৪০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রায়োগিক আইসিটির জন্য ৯০ জন কোর ও ৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরির কাজ চলছে, যাঁরা পর্যায়ক্রমে দেশের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবেন। ইতোমধ্যে ৩,৫০০ জন শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, যেখানে পদার্থবিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান ও পাস কোর্সে প্রায় সাড়ে চার লাখ করে এবং পেশাগত কোর্সে প্রায় ১০ হাজার আসন রয়েছে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাড়ে ছয় লাখ শিক্ষার্থীর বড় অংশই মেডিকেল ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ চাওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুল আসন ফাঁকা থাকবে বলে ধারণা করা হচ্ছে। উপাচার্য জানান, আসনের এই বিষয়টি ‘অটো র্যাশনাল’ হয়ে যাবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন হলে সরকার আর্থিক সহায়তা প্রদান করবে। যদিও এর আগে ২০২৩-৩১ মেয়াদে ঘোষিত ৮ বছর মেয়াদি মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার মনে করেন, কেবল আংশিক পদক্ষেপে সুফল মিলবে না। তাঁর মতে, পাঁচ দশক আগে কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন যেভাবে ৪টি বিভাগে ৪টি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার সুপারিশ করেছিল, ঠিক সেভাবেই প্রয়োজনে ৮টি বিভাগে ৮টি আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করে পরিচালনা ভার ভাগ করা যেতে পারে। একই সঙ্গে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, পিএইচডি ও এমফিলের জন্য পর্যাপ্ত গবেষণা তহবিল বরাদ্দ রাখা এবং ক্লাসে উপস্থিতি কম হওয়ার মূল কারণ অনুসন্ধানে গবেষণা চালিয়ে সামগ্রিক সংস্কার কমিশন গঠন করা জরুরি।
এরপরের তিন বছরে (২০২৪–২০২৬) কলেজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৯৭।
এই শিক্ষাক্রম ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ ও ‘আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’ অনুসারে পুনর্গঠন করা হবে।২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বাধ্যতামূলক করা হয়েছে।




