পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহাসিক জাতীয় স্মৃতিস্তম্ভ মিনার-ই পাকিস্তান পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লাহোর অবস্থানকালে সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও স্পিকারের সঙ্গে স্মৃতিস্তম্ভ পরিদর্শনে অংশ নেন।
এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলটি পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শনে যায়। পার্লামেন্ট হাউসে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, পরিষদের সদস্যবৃন্দ ও সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। সফর স্মরণীয় করে রাখতে সেখানে পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ‘ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা’ (হিমচাঁপা) গাছের একটি চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নির্ধারিত সফরসূচি অনুযায়ী প্রতিনিধি দলটি ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচি ভ্রমণ করছে। সফর সফর শেষ করে আগামী ২৯ নভেম্বর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।




