কক্সবাজারের সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্টে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। ইব্রাহিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি শারীরিক অস্থিরতা বোধ করতে শুরু করেন। সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট দেখা দেয়।
তৎক্ষণাৎ তাকে সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন। বিকেল ৩টার দিকে স্পিডবোটে তাকে টেকনাফে নিয়ে যাওয়া হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর চিকিৎসক তাকে পরীক্ষা করে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. এনামুল হক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগে থেকেই তার অ্যালার্জিজনিত কোনো সমস্যা ছিল।




