শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও জানান, ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে শিক্ষায় নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।




