শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি বা নকল বরদাশত করা হবে না। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রেণিকক্ষে পাঠদান উপেক্ষা করে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী এবং তারা শ্রেণিকক্ষ বাদ দিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারেন না। এছাড়া, ক্লাসে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানো শিক্ষকদের তালিকা তৈরির কাজ চলছে এবং এমপিওভুক্ত কোনো শিক্ষক কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বলেও তিনি স্পষ্ট করেন।
পরীক্ষার স্বচ্ছতা নিয়ে মন্ত্রী জানান, এবারের এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে এবং পরীক্ষকদের নিয়মের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, এটি ফ্যাসিস্ট সরকার নয় যে খাতায় কিছু না লিখেও নম্বর পাওয়া যাবে। আগামী দিনের বাংলাদেশে আর কখনো প্রশ্নপত্র ফাঁস হবে না।
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন যা সারাদেশে ছাত্রীদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ৩০ হাজার কম্পিউটার বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল ও নতুন পোশাক দেওয়া হবে। বৃত্তির টাকাও বৃদ্ধি করা হবে বলে তিনি জানান। আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং একই দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী জানান, গত ১৯ বছরে ভবন পায়নি এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভবন দেওয়া হবে। তবে ফলাফলের ভিত্তিতেই ভবন বরাদ্দ নিশ্চিত করা হবে; খারাপ ফলাফল করা প্রতিষ্ঠান কোনো সুযোগ-সুবিধা পাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাদা কাগজ জমা দিলেও জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে গোল্ডেন-৫ পাওয়া যেত। সেই দিন আর নেই। বিএনপির আমলে শিক্ষার্থীরা পড়াশোনা করেই ভালো ফল করবে এবং মেধার ভিত্তিতেই তারা ভবিষ্যতে চাকরি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন।




