চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক অস্ত্র থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই অস্ত্রগুলোর বর্তমান অবস্থান ও ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রধারীদের তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভাবিয়ে তুলেছে।
গোয়েন্দা সূত্রের দাবি, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন। হামলাকারীদের কারো হাতে বিদেশি পিস্তল, কারো হাতে শটগান ছিল। কেউ কেউ পাকিস্তানি ওয়ান শুটারগান ব্যবহার করে একাই ২৮টি গুলি ছুড়েছেন। নগরের মুরাদপুর, বহদ্দারহাট, নিউমার্কেট ও আসকার দিঘির পাড়ে এসব অস্ত্রের প্রকাশ্য ব্যবহারের চিত্র ছবি ও ভিডিও ফুটেজে স্পষ্ট ছিল। পুলিশ অস্ত্রধারীদের শনাক্ত করলেও অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
জুলাই-আগস্টের এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মো. ওমর ফারুক এবং হৃদয় চন্দ্র তড়ুয়া। বহদ্দারহাট ও মুরাদপুর এলাকাতেই আটজন নিহত হন এবং শত শত মানুষ আহত হন। সিএমপি ৪৬ জন অস্ত্রধারীকে শনাক্ত করলেও গত জুলাই পর্যন্ত মাত্র ১৯ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাত্র দুটি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে।
এদিকে ৫ আগস্ট নগরের আটটি থানা ও বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া ৯৪৪টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৭৯৬টি উদ্ধার হলেও এখনো ১৪৮টি অস্ত্র নিখোঁজ রয়েছে। সব মিলিয়ে রাষ্ট্রীয় অস্ত্রাগার ও ছাত্রলীগের অস্ত্রভান্ডার—উভয় ক্ষেত্রেই উদ্ধার কার্যক্রমে বড় ঘাটতি রয়ে গেছে। মানবাধিকারকর্মী ও আইনজীবী জিয়া হাবীব আহসান এ বিষয়ে বলেন, অস্ত্রগুলো উদ্ধারে সরকারকে আরো তৎপর হতে হবে, অন্যথায় সহিংসতার শঙ্কা থেকেই যাবে।
জুলাইয়ের ১৬ তারিখে মুরাদপুরে সাবেক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ও যুবলীগের হেলাল আকবর চৌধুরী বাবরসহ অন্যদের প্রকাশ্যে পিস্তল ও শটগান ব্যবহার করতে দেখা যায়। পরবর্তীতে ১৮ জুলাই বহদ্দারহাটে সংঘর্ষের সময় নিহত অটোরিকশাচালক শহিদুল ইসলামের শরীরে ১০টি গুলি পাওয়া যায়। ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় মো. শামীম ও আসকার দিঘির পাড়ে ফরহাদুল ইসলাম চৌধুরী ওরফে রিন্টুকে অস্ত্র হাতে দেখা যায়।
এ বিষয়ে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জুলাই আন্দোলনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে এবং অনেক অস্ত্র উদ্ধারও হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের যেসব নেতাকর্মী হুমকি দিচ্ছে, তাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।




