স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্পেনের বার্তা সংস্থা ইএফই এই তথ্য নিশ্চিত করেছে। আটলান্টিক মহাসাগর বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসনপথ হিসেবে পরিচিত, যেখানে এই প্রাণহানির ঘটনাটি ঘটেছে। স্পেনে রোববারের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই দুর্ঘটনা দেশটির রাজনীতিতে অভিবাসন ইস্যুকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
ইএফই-এর তথ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় একশ আরোহী ছিলেন। উদ্ধারকারী দল এল হিয়েরো দ্বীপের দক্ষিণে ৩৯ নটিক্যাল মাইল বা প্রায় ৭২ কিলোমিটার দূরে নৌকাটির সন্ধান পায়। পরে সেটিকে টেনে লা এসতাকা বন্দরের দিকে নিয়ে আসা হয়। এর আগে দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছিল যে, তারা আট থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে, তবে পরবর্তীতে এই সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
একই সময়ে অন্য একটি নৌকায় করে আসা ৮৪ জন জীবিত অভিবাসী দ্বীপটির লা রেস্তিঙ্গা বন্দরে পৌঁছেছেন। সেখানে অভিবাসীদের জন্য একটি অভ্যর্থনাকেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে, যেখানে দ্বীপটিতে পৌঁছানো অধিকাংশ যাত্রীদের প্রাথমিক আশ্রয়ের জন্য নেওয়া হয়।
ক্যানারি দ্বীপপুঞ্জে গত অক্টোবর থেকে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে এল হিয়েরো দ্বীপে এই চাপ সবচেয়ে বেশি। গত ২৫ নভেম্বর একদিনেই রেকর্ড দুই হাজার ১০০ জন অভিবাসী সেখানে পৌঁছান। অথচ দ্বীপটির মোট জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০ জন। এমন পরিস্থিতিতে অভিবাসীদের ঢল সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।




