রাঙামাটির ১০টি উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় ২ হাজার ১০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। রোববার সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু সিভিল সার্জন ডা. নুয়েন খীশার হাতে আনুষ্ঠানিকভাবে এই কিটগুলো তুলে দেন।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু পাহাড়ের দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সেনাবাহিনীর মেডিকেল টিম দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের পাশাপাশি আকাশ, স্থল ও নৌপথে রোগীদের হাসপাতালে আনতে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও মেডিকেল স্টাফরা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করলে দুর্গম এলাকার মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানিয়ে দীপন তালুকদার দীপু বলেন, রাঙামাটির রোগীদের যেন সামান্য জটিলতায় চট্টগ্রাম বা ঢাকায় যেতে না হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা পরিষদ। এছাড়া উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের আবাসনের সমস্যা দূর করতে উন্নতমানের ডরমিটরি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক করে তুলবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীশা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। সিভিল সার্জন ডা. নুয়েন খীশা সভায় জানান, বিগত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে রাঙামাটিতে কোনো চিকিৎসক পদায়ন করা হয়নি। তাই দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক সংকট নিরসন এখন সময়ের দাবি।
সমন্বয় সভায় জেলার ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ডেঙ্গু প্রতিরোধ ও শনাক্তকরণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসক সংকট এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পরিষদের দেওয়া এই কিটগুলো উপজেলা পর্যায়ে সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।




